মতলব দক্ষিণে চিকিৎসকসহ আরও দুজনের করোনা সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একজন চিকিৎসকসহ নতুন করে আরও দুজনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে উপজেলায় মোট পাঁচজন করোনায়(কোভিড–১৯) আক্রান্ত হলেন।

চাঁদপুর সিভিল সার্জনের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বনিক প্রথম আলোকে বলেন, আক্রান্ত ওই চিকিৎসক আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালে কর্মরত। তাঁর বয়স ৩০। তিনি উপজেলা সদরে একটি ভাড়া বাসায় থাকেন। আক্রান্ত অপরজন ওই হাসপাতালের হিসাব কর্মকর্তার ছেলে। তাঁর বয়স ১৬।

এর আগে গত মঙ্গলবার ওই হিসাব কর্মকর্তাসহ আইসিডিডিআরবির মতলব হাসপাতালের আরও এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ওই কিশোর তাঁর বাবার সংস্পর্শে এসেছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ওই চিকিৎসককে আইসিডিডিআরবির মতলব হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। আক্রান্ত কিশোরকে তাঁদের ভাড়া বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। ওই দুজনের পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। তাঁরা যে বাসায় থাকছেন সে বাসা লকডাউন করে দেওয়া হয়েছে। সতর্কতা হিসেবে সেখানে লাল পতাকাও টাঙানো হয়েছে।

আজকের দুজনসহ এ উপজেলায় মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২ এপ্রিল থেকে আজ পর্যন্ত এ উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয় ২১ জনের।