মতলব দক্ষিণে ছাত্রদলের আহ্বায়ককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

চাঁদপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের মতলব দক্ষিণ উপজেলা শাখার আহ্বায়ক মিরাজ মাহমুদ ওরফে জিসানকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত নয়টায় উপজেলা সদরের পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।

মিরাজ মাহমুদকে গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সম্প্রতি ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন দলের কয়েক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রদলের চার নেতা জানান, কয়েক দিন আগে উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি করা হয়। এতে মো. সজীবকে আহ্বায়ক ও মালেক পাটোয়ারীকে সদস্যসচিব করা হয়। মিরাজ মাহমুদ ওই কমিটি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। কমিটি গঠনের পর থেকে পদবঞ্চিত অনেক নেতা-কর্মী মিরাজ মাহমুদের ওপর ক্ষিপ্ত ছিলেন। গতকাল রাতে মিরাজ মাহমুদ উপজেলার পানির ট্যাংক এলাকায় একটি দলীয় বৈঠকে গেলে ওই কমিটি করা নিয়ে দলের কয়েক নেতা-কর্মী ও পদবঞ্চিতদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

পরে ক্ষুব্ধ তিন-চারজন কর্মী ও কয়েক দুর্বৃত্ত এসে মিরাজ মাহমুদের ওপর হামলা চালান। এ সময় তাঁদের চাপাতির আঘাতে মিরাজ মাহমুদের মাথা, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মিরাজ মাহমুদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, জিসানের অবস্থা আশঙ্কাজনক। তাঁর পরিবারের দাবি, ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর এ হামলা হয়েছে। এটি পরিকল্পিত। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, হামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।