মতলব দক্ষিণে দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি বাড়ির নির্মাণাধীন দেয়াল ধসে নীরব চন্দ্র (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় উপজেলা সদরের দক্ষিণ কলাদী এলাকার দেওয়ানজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নীরব দক্ষিণ কলাদী এলাকার গৌতম চন্দ্রের ছোট ছেলে। সে স্থানীয় মতলব জেবি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী তার বাসার পাশের একটি নির্মাণাধীন দেয়ালে ওঠা–নামা করে কয়েকজন বন্ধুর সঙ্গে খেলছিল। আচমকা দেয়ালটি ধসে পড়লে সে নিচে চাপা পড়ে। এতে তার মাথা, বুক, পিঠ ও হাত জখম হয়। তার চিৎকারে আশপাশের ও পরিবারের লোকজন সেখানে ছুটে আসেন। তাকে উদ্ধার করে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া দেয়ালচাপায় ওই শিক্ষার্থীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।