মতলব দক্ষিণে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে নারীর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের একটি বাসায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই নারীর বয়স ৪৫ বছর। তাঁর গ্রামের বাড়ি উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে। করোনা সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই নারী যে বাসায় থাকতেন, সেই বাসার অন্য স্বজনদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বনিক বলেন, গত তিন-চার দিন আগে ওই নারী শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে তাঁর ছোট ভাইয়ের বাসায় আসেন। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়ার পর আজ প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় ওই নারীর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছে।