মতলব দক্ষিণে সেতুর সংযোগ সড়কের ধসে পড়া ঝুঁকিপূর্ণ অংশে ফেলা হচ্ছে বালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতলব সেতুর সংযোগ সড়কের ধসে পড়া অংশে বালু ফেলা হচ্ছে। শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়
ছবি: প্রথম আলো

চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর পশ্চিম দিকের সংযোগ সড়কের ধসে পড়া দুটি ঝুঁকিপূর্ণ অংশে বালু ফেলা হচ্ছে। শনিবার দুপুর থেকে চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে এ বালু ফেলা হয়।

ধসে পড়া স্থানের সম্প্রসারণ ও সড়কটির সম্ভাব্য ভাঙন ঠেকাতে আপৎকালীন ওই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সওজ কর্তৃপক্ষ। গত বুধবার গভীর রাতে ওই সেতু-সংলগ্ন সংযোগ সড়কটির দুটি বিরাট অংশ ধসে পড়ে। এ বিষয়ে শনিবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘সড়কে ধস, ঝুঁকি নিয়ে যান চলাচল’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে।

আজ দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকেরা ট্রাকে করে বালু এনে সেতুটির পশ্চিম দিকের সংযোগ সড়কের ধসে পড়া দুটি অংশে ফেলছেন। সেখানে স্থায়ীভাবে ঢালাই দেওয়ার জন্য কয়েকজন শ্রমিক মালামাল প্রস্তুত করছেন। ঝুঁকি নিয়েই শ্রমিকেরা ধস দুটি মেরামতের কাজ করছেন। তাঁদের চোখেমুখে শঙ্কার ছাপ লক্ষ করা গেছে।

চাঁদপুর সওজ বিভাগের কার্যালয়ের কার্যসহকারী মো. নাসির উদ্দিন বলেন, ওই স্থান দুটি মেরামতের জন্য মেসার্স আইরিন এন্টারপ্রাইজ নামের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল চারটা পর্যন্ত ধসে পড়া জায়গায় সাত ট্রাক বালু ফেলা হয়েছে। সেখানে মোট ৩০ ট্রাক বালু ফেলা হবে। আবার যাতে ধস না নামে এবং সড়কটির সম্ভাব্য ভাঙন ঠেকাতে আপাতত ওই বালু ফেলা হচ্ছে। পরে সেখানে স্থায়ীভাবে ঢালাই দেওয়া হবে।

মো. নাসির উদ্দিন আরও বলেন, আবার ধস নেমে জীবনহানি হতে পারে, এ আশঙ্কায় সেখানে শ্রমিকেরা কাজ করতে চাচ্ছেন না। গত দুই দিনে পাঁচবার শ্রমিক বদল হয়েছে। প্রায় অর্ধশত শ্রমিক সেখানে কাজ করছেন।

ওই স্থান দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন বলে জানিয়েছেন মতলব-দাউদকান্দি সড়কে যাতায়াতকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আসলাম। তিনি বলেন, রাতে বেশি ঝুঁকি থাকে। গুরুত্বপূর্ণ সড়কটির ওই অংশে ধসের পর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কয়েক দফা যানজটের সৃষ্টি হয় সেখানে। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি সময়ও অপচয় হয়েছে।

চাঁদপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জোহা বলেন, আরও ধস ঠেকাতে আপাতত ওই স্থানে বালু ফেলা হচ্ছে। পরে ঢালাই দিয়ে স্থায়ী ও মজবুতভাবে ধসে যাওয়া স্থান সংস্কার করা হবে।

চাঁদপুর সওজ বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, ধনাগোদা নদীর ওপর ২০১৫ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৩০০ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ৫ মিটার প্রস্থের সেতুটির নির্মাণকাজ শুরু হয়।

চাঁদপুর সওজ বিভাগের তত্ত্বাবধানে রানা বিল্ডার্স নামের কুমিল্লা এলাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ সালে এর নির্মাণকাজ শেষ করে। সেতুটির দুই পাশের সংযোগ সড়ক নির্মাণসহ এতে মোট ব্যয় হয় ৮৬ কোটি টাকা। ২০১৮ সালে সেতুটির উদ্বোধন করা হয়।