মতলব-বাবুরহাট সড়কে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
চাঁদপুরের মতলব-বাবুরহাট সড়কে পুলিশের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা–চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। চাঁদাবাজির বিষয়ে পুলিশ সুপারের কাছে কয়েক দিন আগে অভিযোগ করার কথা জানিয়েছেন একাধিক চালক।
মাসে মাসে পুলিশকে চাঁদা দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। ক্ষতি পুষিয়ে নিতে যাত্রীদের কাছ থেকে আদায় করছেন বাড়তি ভাড়া। এতে বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা।
বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) চাঁদপুর সার্কেল কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বিভিন্ন পথে চলাচলকারী অটোরিকশার সংখ্যা পাঁচ হাজার ৩০০। মতলব-বাবুরহাট সড়কে চলছে সাত শতাধিক। অনুমতিপত্র (লাইসেন্স) রয়েছে প্রায় ১০০ গাড়ির। বাকিগুলোর বৈধ কাগজপত্র নেই।
বাবুরহাট এলাকার অটোরিকশাচালক জাহিদ হোসেন জানান, নিরাপত্তার কথা বলে ট্রাফিক পুলিশ সব অটোরিকশার কাছ থেকেই চাঁদা নিচ্ছে। প্রতি নতুন গাড়ি থেকে মাসে ৩০০ এবং পুরোনো গাড়ি থেকে ২০০ টাকা নিচ্ছে। পুলিশের হয়ে মাঝেমধ্যে লাইনম্যানরাও চাঁদা নিচ্ছেন।
বিষয়টি পুলিশ সুপারকে জানিয়েও কাজ হয়নি। অটোরিকশাচালক মো. শাজাহান বলেন, ‘একটি নতুন গাড়ি নামালে পুলিশকে দুই-আড়াই হাজার টাকা চাঁদা দিতে হয়। মাসের চাঁদা তো দিতে হয়ই। যখন-তখন পুলিশ চালককে বিপদে ফেলতে পারে। পুলিশকে মাসে মাসে চাঁদা দিয়ে সংসার চালানো দায়। বাধ্য হয়েই যাত্রীদের কাছ থেকে মাঝেমধ্যে বাড়তি ভাড়া নিই। এ নিয়ে তর্কাতর্কি এমনকি ধস্তাধস্তি পর্যন্ত হয়। দূরত্ব বাড়ে যাত্রী-চালকদের মধ্যে।’
নাম প্রকাশ না করার শর্তে অটোরিকশার একজন মালিক বলেন, ‘পুলিশকে মাসোহারা না দিলে এ পথে গাড়ি নামানো যায় না। তাদের “ম্যানেজ” করেই গাড়ির ব্যবসা করি। পুলিশের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করতেও সাহস পায় না। পুলিশের চাঁদাবাজি যেন ওপেনসিক্রেট।’
এ পথে নিয়মিত চলাচলকারী মতলব জনতা ব্যাংকের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘আবহাওয়া খারাপ, গাড়ি কম, রাস্তা ভাঙা, মোবাইল কোর্ট—এসব নানা অজুহাতে প্রায়ই চালকেরা আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেয়। ৩০ টাকার জায়গায় ভাড়া নেয় ৪০-৫০ টাকা। না দিলে যাত্রীদের ওপর চড়াও পর্যন্ত হয় তারা।’
অভিযোগ অস্বীকার করে চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বলেন, ‘এ ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’