মতলবে করোনায় মৃত্যু মুক্তিযোদ্ধার, জ্বর-শ্বাসকষ্টে এক বৃদ্ধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক মুক্তিযোদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ছাড়া জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভোরে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে নিজ বাড়িতে এক বৃদ্ধ (৭০) মারা গেছেন। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ফাহমিদা হক ওই দুই ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, উপাদী উত্তর ইউনিয়নের ওই মুক্তিযোদ্ধা জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিবারে লোকেরা আট-নয় দিন আগে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করেন। গত মঙ্গলবার সেখানকার নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। তীব্র শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার ভোর পাঁচটায় ওই হাসপাতালে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিপন মীর জানান, ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা এক বৃদ্ধ (৭০) গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। এ অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় নিজ বাড়িতে মারা যান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বণিক বলেন, মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের নমুনাও সংগ্রহ করা হচ্ছে। আর মৃত্যুর পর তিন ঘণ্টা পার হয়ে যাওয়ায় খাদেরগাঁও ইউনিয়নের ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করা যায়নি। তবে তাঁর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।

মতলবে বৃহস্পতিবার পর্যন্ত ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় সংক্রমিত হয়ে মোট দুজন মারা গেছেন। আর এই ভাইরাসের মতো উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন।