মতলবে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে পাটকলশ্রমিক ও দোকানির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক পাটকলশ্রমিক (৬২) ও এক দোকানির (৫৩) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নিজেদের বাড়িতে মারা যান তাঁরা। তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান এবং মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বণিক আজ সকালে করোনার (কোভিড-১৯) উপসর্গ নিয়ে ওই দুই ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

নুসরাত জাহান বলেন, তাঁর উপজেলায় মারা যাওয়া ওই ব্যক্তি চট্টগ্রামের একটি পাটকলের শ্রমিক ছিলেন। গত মঙ্গলবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি চট্টগ্রাম থেকে উপজেলায় তাঁর বাড়িতে আসেন। নমুনা দেওয়ার জন্য মুঠোফোনে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেন। আজ সকাল নয়টায় তাঁর নমুনা সংগ্রহ করার কথা ছিল। কিন্তু এর আগেই আজ সকাল সাড়ে ছয়টায় বাড়িতে মারা যান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। তাঁর বাড়িটি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে।

রাজিব কিশোর বণিক বলেন, তাঁর উপজেলায় মৃত ব্যক্তি (৫৩) চট্টগ্রামে চা ও পান-সিগারেটের দোকানি ছিলেন। আট দিন আগে হালকা জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি বাড়িতে আসেন। তীব্র শ্বাসকষ্টে আজ সকাল সাতটায় মারা যান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে ওই দোকানির লাশ দাফন করা হয়। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়।