মতলবে হৃদরোগ-শ্বাসকষ্টে মৃত ব্যক্তির করোনা ছিল না

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় হৃদরোগ, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া বৃদ্ধ (৬২) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। আজ শনিবার ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত ১৮ এপ্রিল নিজ বাড়িতে মারা যান ওই বৃদ্ধ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কাউসার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ১৫ এপ্রিল থেকে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। ১৮ এপ্রিল নিজ বাড়িতে তিনি মারা যান। স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে। পরে তাঁকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে সীমিতসংখ্যক লোকের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ন।

এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বৃদ্ধের স্বজনদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না জেনে সেই আদেশ বাতিল করা হয়েছে। এ পর্যন্ত এই উপজেলায় মোট ১২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। তাদের একজনেরও করোনাভাইরাস শনাক্ত হয়নি।