মদন হাজিবাড়ির মেলা বন্ধ করল প্রশাসন, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথায় মদন হাজী বাড়ির মেলা উচ্ছেদ করেছে প্রশাসন
ছবি: সংগৃহীত

করোনাকালীন সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ফরিদপুরের সালথায় আয়োজিত মদন হাজিবাড়ির মেলা তৃতীয় দিনে এসে বন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি মেলাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে মেলার দোকানপাট ভেঙে দিয়ে মাঠ ফাঁকা করেন পুলিশ ও আনসার সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মেলাটি ভেঙে দেওয়ার সময় আয়োজকদের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি।

দুপুরে উচ্ছেদর পর আয়োজক কমিটির সহায়তায় বিকেল ৫টা থেকে আবার মেলা শুরু হয়। এ অবস্থায় ওই মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মেলা আয়োজক কমিটির তিন সদস্য় জানান, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিয়াশপট্টি গ্রামে মদন হাজিবাড়ির ওরস উপলক্ষে পাশের একটি মাঠে শত বছর ধরে চার দিনব্যাপী মেলার আয়োজন হয়ে আসছে। এবার ছিল ১৩৫তম আয়োজন। এবার ১৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। মেলায় নানা ধরনের পণ্যের শত শত দোকান বসে। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসব দোকান নিয়ে আসেন। কিন্তু মেলার তৃতীয় দিন হঠাৎ প্রশাসনের লোক এসে দোকানপাট ভেঙে দেন। প্রশাসন যদি ওরস শুরুর আগে থেকে কমিটিকে কঠোরভাবে মেলা করতে নিষেধ করত, তাহলে খুদে দোকানদারেরা আজ ক্ষতিগ্রস্ত হতেন না।

ইউএনও তাছলিমা আকতার বলেন, করোনাকালে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে মদন হাজিবাড়ির ওরস মেলার খবর পেয়ে দ্বিতীয় দিন মেলা বন্ধ করে দেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তৃতীয় দিন আবার মেলা শুরু হয়। এদিন প্রায় ১০ হাজার লোকসমাগম হয়। পরে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে মেলাটি বন্ধ করা হয়। তবে এরপরও আয়োজক কমিটির সহায়তায় বিকেল ৫টা থেকে আবার মেলা শুরু হয়। এ অবস্থায় ওই মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই মাঠে আগামীকাল শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।