মদনে স্কুলছাত্রীকে একসঙ্গে ৪ ডোজ টিকা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মদনে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আদিবা বিনতে আজিজকে পরপর চার ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে
ফাইল ছবি

নেত্রকোনার মদনে এক স্কুলছাত্রীকে করোনার টিকার পরপর চার ডোজ দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ডেপুটি সিভিল সার্জন অভিজিৎ লোহকে প্রধান করে তিন সদস্যের কমিটি করে নেত্রকোনা জেলা সিভিল সার্জন কার্যালয়। কমিটির অন্য দুই সদস্য হলেন—জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক উত্তম কুমার পাল ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. মজিবুর রহমান। তাঁদেরকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য চিকিৎসক উত্তম কুমার পাল আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত কাজ শুরু করেছি। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তের কাজ শেষ করে প্রতিবেদন জমা দিতে পারব।’

ভুক্তভোগী ওই ছাত্রীর নাম আবিদা বিনতে আজিজ (১৪)। সে মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং মদন পৌরসভার মাহমুদপুর এলাকার আজিজুল হকের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল থেকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে আবিদা করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে হাসপাতালে যায়। এ সময় টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা একজন নার্স মুঠোফোনে কথা বলতে বলতে তার ডান হাতে পরপর চার ডোজ টিকা দেন। পরে ওই ছাত্রী নার্সের কাছে জানতে চায়, দ্বিতীয় ডোজের টিকা চারবার দেওয়া হয়েছে কি না? এ সময় বিষয়টি জানাজানি হলে ওই নার্স কৌশলে টিকাকেন্দ্র থেকে সটকে পড়েন। খবর পেয়ে ওই ছাত্রীর মা ও স্বজনেরা হাসপাতালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়।

সিভিল সার্জন মো. সেলিম মিঞা বলেন, ‘ওই স্কুলছাত্রী তার নিজ বাড়িতে থেকে আমাদের তত্ত্বাবধানে রয়েছে। এখন পর্যন্ত তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। মেয়েটি সুস্থ আছে।’

আবিদার চাচা মদন জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আবিদা বর্তমানে সুস্থ আছে। এখন পর্যন্ত তার কোনো সমস্যা হচ্ছে না। তবে ডান হাতের ব্যথা এখনো কমছে না। বিষয়টি নিয়ে চিন্তায় আছি।’