‘মদপানে’ অসুস্থ হয়ে মৃত্যু বেড়ে ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজশাহীতে ‘মদপানে’ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া আরও একজন আজ শনিবার মারা গেছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ নিয়ে গতকাল শুক্রবার রাত থেকে এ হাসপাতালে ভর্তি হওয়া চারজন মারা গেলেন। আরও আটজন চিকিৎসা নিচ্ছেন।

বিকেলে মারা যাওয়া ব্যক্তি হলেন নগরের হেতেম খাঁ এলাকার মো. তুহিন (২৬)। তাঁর আগে মারা যাওয়া তিনজন হলেন হোসনীগঞ্জ এলাকার মো. ফয়সাল (২৮), বাকির মোড় এলাকার মো. সাগর (২৫) ও বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার মো. সজল (২৫)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. সাইফুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই চারজন মদের বিষক্রিয়ায় মারা গেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না। চিকিৎসাধীন বাকি রোগীদের অবস্থা ভালো।

ওই তরুণ-যুবকেরা কোথায় মদপান করেছেন, তাঁরা খতিয়ে দেখছেন।
মো. গোলাম রুহুল কুদ্দুস, অতিরিক্ত উপকমিশনার, রাজশাহী মহানগর পুলিশ

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ১১টার পর থেকে ৫ জনকে একে একে এনে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার পর থেকে আজ ভোর পর্যন্ত তাঁদের তিনজন মারা যান। বিকেলে আরেকজন মারা গেলেন। সকালে আরও সাতজন হাসপাতালে ভর্তি হন। পুলিশের ধারণা, তাঁরা বিভিন্ন এলাকায় মদপান করে অসুস্থ হয়েছেন।

হাসপাতালে ভর্তি থাকা আরও আটজন হলেন নগরের তেরখাদিয়া এলাকার মো. ইরফান (২০), হোসনীগঞ্জ এলাকার রবিন শেখ (৩০), হেতেম খাঁ এলাকার মো. পলক (২২), ডাবতলা এলাকার সম্রাট শাজাহান (১৯), বোয়ালিয়া এলাকার মো. মাহফুজ (২৬), মতিহার এলাকার মো. আলমগীর (৩৫), আসাম কলোনি এলাকার আবদুল আজিজ (২১) ও মো. রবিউল (২৭)।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ভোর পর্যন্ত মারা যাওয়া তিনজনের ময়নাতদন্ত হয়েছে। সন্ধ্যায় মারা যাওয়া যুবকেরও ময়নাতদন্ত হবে। ওই তরুণ-যুবকেরা কোথায় মদপান করেছেন, তাঁরা খতিয়ে দেখছেন।

আরও পড়ুন