মধুখালীতে পিকআপের চাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
ফরিদপুরের মধুখালীতে একটি পিকআপ ভ্যানের চাপায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম ওমর ফারুক (৩১)।
আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে মধুখালী পৌরসভার মেছড়দিয়ার মোড় এলাকার বনমালিদিয়া গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওমর ফারুক ঝালকাঠির রাজাপুর উপজেলার গোয়াল বাবাড়ীয়া গ্রামের আবদুল মান্নান হওলাদারের ছেলে। তিনি মধুখালীর বনমালিদিয়া গ্রামের মোহাম্মাদ আলীর বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় বয়স্কদের কোরআন শিক্ষা দিতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা তিনটার দিকে ওই বাইসাইকেল আরোহী মেছড়দিয়ার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পাড় হয়ে লিংক সড়কে যাচ্ছিলেন। এ সময়ে মাগুরাগামী একটি পিকআপ তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, পুলিশ পিকআপটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।