মধ্যবিত্ত পরিবারকে টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রণবকান্তি দেব

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বিপর্যস্ত। চলতি সপ্তাহেও তেল-ডালসহ একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এ নিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বই পড়ুয়াদের সংগঠন ‘ইনোভেটর’-এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেবের অভিমত।

জীবন ও জীবিকার লড়াই চলছেই। দুইয়ের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। আমার মতো মধ্যবিত্ত পরিবারের মানুষকে প্রতিদিন টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। যে বাজেট নিয়ে বাজারে যাই, বাজারের লিস্টের অর্ধেকেই তা ফুরিয়ে যায়, কিন্তু বলি কাকে? সবজি, মাছ, ডিম, চাল, ডাল, পেঁয়াজ, তেল থেকে শুরু করে অনেক ধরনের পণ্যের দাম বেড়েছে। মানুষের জীবনযাত্রায় খুবই নেতিবাচক প্রভাব পড়েছে। আয় বাড়ছে না, অথচ ব্যয় বেড়েই চলছে। দিন দিন এটা অসহনীয় পর্যায়ে পৌঁছাচ্ছে। পরিবার-পরিজন নিয়ে মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। ফলে অস্থিরতা বাড়ছে সর্বক্ষেত্রে। সামাজিক অপরাধও বাড়ছে।

বছরের শুরুতে বাসা ভাড়া বাড়ে, সন্তানের স্কুলের বেতন বাড়ে। ঘর থেকে বের হলে রিকশাভাড়া, গাড়িভাড়া বাড়ছে। কিন্তু আয় তো দিন দিন বাড়ে না। কিন্তু এমন তো হওয়ার কথা নয়। কোনো লাগাম নেই। আইন আছে, প্রয়োগ নেই। কোনো মনিটরিং নেই। সবকিছুর দাম বাড়ছে, শুধু জীবন আর মূল্যবোধের দাম কমছে। নিয়ন্ত্রণহীন বাজারে জীবনে নাভিশ্বাস উঠছে। করোনার জন্য জীবিকার ওপর মারাত্মক প্রভাব পড়েছে। বেসরকারি চাকরিজীবী আর নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ এখন চরমে।

প্রশাসনের কার্যকর উদ্যোগ থাকলে এভাবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেত না। তবে রমজান মাসে যেভাবে আমরা বাজার মনিটরিং দেখি, এটা যদি সারা বছর চলত, তাহলে ভালো হতো।


(অনুলিখন: সুমনকুমার দাশ, সিলেট)