মধ্যরাতে বাড়িতে দুর্বৃত্তের হামলা, মা-ছেলে আহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক নারী ও তাঁর ছেলে আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নে সোনামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা বলছেন, দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। কিন্তু লোকজন জড়ো হয়ে যাওয়ায় তারা কিছু লুট না করেই পালিয়ে গেছে।
আহত ব্যক্তিরা হলেন সোনামোড়া গ্রামের কুয়েতপ্রবাসী কিসমত উল্লাহর স্ত্রী শিউলি বেগম (৪৫) ও তাঁর ছেলে হাবিবুল্লাহ অনিক (২২)। আহত শিউলিকে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত তিনটার দিকে শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠেন হাবিবুল্লাহ। পরে হাবিবুল্লাহ তাঁর মাকে ঘুম থেকে ডেকে তোলেন। বাড়ির পাশে থাকা কোনো আত্মীয়স্বজন এসেছেন ভেবে শিউলি ঘরের দরজা খোলেন। এ সময় তাঁরা বাইরে মুখোশধারী ছয় থেকে সাতজনকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা দ্রুত ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা দরজায় ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পড়ে।
একপর্যায়ে হামলাকারীরা ছুরি, দা ও লাঠি দিয়ে মা-ছেলেকে মারধর ও কুপিয়ে আহত করে। এ সময় হাবিবুল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করেন ও চিৎকার করা শুরু করেন। হাবিবুল্লাহর চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনেরা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হাবিবুল্লাহ বলেন, ‘একজন ছাড়া বাকিরা মুখোশ পরে ছিল। তবে কাউকে চিনতে পারিনি। মাকে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এবং আমাকে ডান পা, ডান হাত, পিঠে দা ও ছুরি দিয়ে আঘাত করেছে। তবে ডাকাতের দল ঘর থেকে আসবাব, স্বর্ণালংকার বা টাকাপয়সা কিছুই লুট করেনি।’
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাসান বলেন, তাঁরা বিষয়টি নিয়ে কাজ করছেন। আসলে এটি ডাকাতি কি না, তা বোঝা যাচ্ছে না। কারণ, বাড়ির কোনো কিছুই লুট হয়নি। তবে একজন নারী আহত হয়েছেন।