মধ্যরাতে ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকা ও ২৪টি মোবাইল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে পিটিয়ে সাড়ে তিন লাখ টাকা ও ২৪টি মুঠোফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের উত্তর পলকিরপাড় রাস্তায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ীর নাম স্বপন দে (৪০)। তাঁর বাড়ি উপজেলার হরিচক গ্রামে।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, হাজীপুরের কাউকাপন বাজারে স্বপনের একটি দোকান আছে। তিনি বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন আর্থিক সেবা প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। গতকাল রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর কাছে একটি ব্যাগে সাড়ে তিন লাখ টাকা ও ২৪টি মুঠোফোন সেট ছিল। উত্তর পলকিরপাড় রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে মারধর করে রাস্তায় ফেলে রেখে টাকা ও মুঠোফোন রাখা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি হলে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে রাতেই কুলাউড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন আহমদ প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ব্যবসায়ী স্বপনকে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে ঘটনায় জড়িত দুজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আহত ব্যবসায়ী স্বপনের চাচাতো ভাই রন্টু দে বলেন, সাড়ে তিন লাখ টাকা, ২৪টি মোবাইল ফোন ও মোবাইলে থাকা ব্যালান্স মিলে প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি স্বপনকে নিয়ে চিকিৎসায় ব্যস্ত আছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য স্বপনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেছেন চিকিৎসকেরা। চিকিৎসার পর তাঁরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দেবেন।