মাঝরাতে ভেসে আসে কান্নার আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপনে বাল্যবিবাহ দিতে কিশোরীটিকে (১৩) নিয়ে আসা হয় মামাবাড়িতে। গোপনীয়তার সঙ্গে চলে বিয়ের আয়োজন। কিন্তু মাঝরাতে ভেসে আসে কান্নার আওয়াজ। মহল্লার লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন কিশোরীর অমতে বিয়ের আয়োজন চলছে। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। শাস্তি দেওয়া হয় ভুয়া কাজি ও কনের দুই মামাকে।


গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার মহল্লায় গিয়ে অন্তত তিনজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা জানান, বরের (২৩) বাড়ি নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামে। কিন্তু কনের বাড়ির কেউ নান্দাইলের বাসিন্দা নন। কনের বাড়ি নেত্রকোনায়। প্রশাসন খবর পেয়ে এসে বিয়ের আয়োজন বন্ধ করে। তখন নিকাহ নিবন্ধক (কাজি) আবুল হাসেমকে (৫৫) জেরা করলে তিনি ভুয়া কাজি বলে প্রমাণিত হয়। তাঁর কাছ থেকে নিকাহ নিবন্ধনের একটি বই উদ্ধার করা হয়। তিনি বাঁশহাটি এলাকায় নিজেকে নিকাহ নিবন্ধক (কাজি) বলে পরিচয় দিতেন। অথচ বাঁশহাটিতে এই নামে কোনো কাজি নেই।

বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত ভুয়া কাজিকে এক মাসের কারাদণ্ড ও বাল্যবিবাহ আয়োজন করায় কনের দুই মামাকে ১৫ দিন করে বিনা শ্রম কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন।

নান্দাইল মডেল থানায় যোগাযোগ করে জানা যায়, আজ শুক্রবার দুপুরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও এরশাদ উদ্দিন প্রথম আলোকে আরও বলেন, নান্দাইলে কোনো বাল্যবিবাহ নিবন্ধন করতে দেওয়া হবে না। ২৬ আগস্ট উপজেলা প্রশাসনের সঙ্গে নিকাহ ও তালাক নিবন্ধকদের এক সভায় বিষয়টি তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে।