মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেকে রাতেই সাগরে ছুটে যাবেন মাছ ধরতে। তাই জেলেরা মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম গুছিয়ে নিচ্ছেন
ছবি: প্রথম আলো

রাত ১২টায় শেষ হচ্ছে সাগর ও নদ-নদীতে ইলিশ মাছ ধরার ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আজ সোমবার গভীর রাত থেকেই জেলেরা ট্রলার নিয়ে ছুটবেন সাগরে। আবারও জেলে-পাইকার-আড়তদারের হাঁকডাকে মুখর হয়ে উঠবে বরগুনা উপকূলের মৎস্যবন্দরগুলো।

২২ দিন অলস সময় কাটানোর পর বরগুনার জেলেপাড়াগুলোতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে এসে আবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। অনেকে মধ্যরাতেই সাগরে ছুটবেন। দীর্ঘদিন বঙ্গোপসাগর ও নদ-নদীতে মাছ আহরণ বন্ধ থাকায় বেশি মাছ পাবেন বলে জেলেরা আশাবাদী।

তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া জেলেপল্লি ঘুরে দেখা গেছে, মাছ ধরতে যাওয়ার জন্য জেলেরা প্রয়োজনীয় বাজার-সদাই করেছেন। এখন জাল, খাবার পানি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে তাঁরা ট্রলার প্রস্তুত করছেন।

জেলে ফারুক আহমেদ বলেন, ‘সরকারের আইনের প্রতি সম্মান রেখে ইলিশ শিকারে যাইনি। এই বিরতিতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ধারদেনা করে কোনোরকমে সংসার চলছে। তবে আজ রাত থেকে আবার মাছ ধরতে পারব ভেবে খুব ভালো লাগছে।’

এদিকে সদর উপজেলার ডালভাঙ্গা এলাকার জেলে আনিচুর রহমান বলেন, নিষেধাজ্ঞার সময় সরকারের দেওয়া ২০ কেজি চাল পাওয়া গেছে। কিন্তু শুধু চাল দিয়ে তো আর ভাত খাওয়া যায় না। ধারদেনা করে দিন কেটেছে। সাগরে গিয়ে মাছ ধরা পরলেই দেনা শোধ করা যাবে।

নিষেধাজ্ঞা শেষ হয়ে আসায় জেলে পরিবারগুলোতে স্বস্তি ফিরে এসেছে
ছবি: মোহাম্মদ রফিক

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও নদ-নদীতে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। নিষেধাজ্ঞাকালে জেলার ৩৪ হাজার ৭৪ জন নিবন্ধিত জেলেদের ৬০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বলেন, মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এতে সবাই স্বস্তি পেয়েছেন। তবে জেলেরা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেও অধিকাংশ ট্রলার মাছ শিকারে জন্য সাগরে যেতে পারবে না। যাঁরা সাগরযাত্রার অপেক্ষা করছেন, তাঁরাও ধারদেনা করে প্রস্তুতি নিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার প্রথম আলোকে বলেন, সাগরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা সফলভাবে পালন করা হয়েছে। বিশেষ করে পাথরঘাটার বরফকলগুলো বন্ধ রাখায় নিষেধাজ্ঞা সফল হয়েছে। এদিকে নিষেধাজ্ঞাকালে জেলেদের সরকারিভাবে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।