মধ্যরাতে সরল ওয়াগন, কালুরঘাট সেতুতে যান চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওয়াগনটি লাইনচ্যুত হয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে তেল বহনকারী ট্রেনের লাইনচ্যুত ওয়াগন গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া একটায় সরিয়ে নেওয়ায় প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাতেই যান চলাচল স্বাভাবিক হয়। আজ শনিবার সকালে ট্রেনও নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। বিষয়টি নিশ্চিত করেন রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী।

আনসার আলী প্রথম আলোকে জানান, উদ্ধারকারী ট্রেন দিয়ে লাইনচ্যুত ওয়াগন সরিয়ে নেওয়ার পর কালুরঘাট সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়।চট্টগ্রাম ষোলশহর স্টেশনের স্টেশনমাস্টার ফখরুল ইসলাম জানান, আজ সকাল ছয়টায় চট্টগ্রাম স্টেশন থেকে পটিয়াগামী ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।

আরও পড়ুন

ফার্নেস তেল খালাস করে ফেরার পথে গতকাল রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে তেল বহনকারী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সেতুতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। সেতুটি দিয়ে দক্ষিণ চট্টগ্রামের দুই উপজেলা বোয়ালখালী ও পটিয়ার হাজারো মানুষ নগরে যাতায়াত করে।

রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি পাওয়ার প্ল্যান্টের ফার্নেস তেল খালাস করে দোহাজারী থেকে ট্রেনটি চট্টগ্রাম শহরে ফিরছিল। কালুরঘাট সেতুতে ওঠার পর একটি ওয়াগন লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিনসহ সামনের ওয়াগনগুলো রাতে এবং পরে মধ্যরাতে লাইনচ্যুত ওয়াগনটি সরিয়ে নেওয়া হয়।