মধ্যরাতে ৯৯৯-এ গৃহবধূ জানালেন ধর্ষণের কথা, যুবক গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে নিজ বাড়িতে এক গৃহবধূ (২২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে ওই গৃহবধূ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ঘটনাটি জানিয়ে পুলিশের কাছে সহায়তা চান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ছানু মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা করেছেন। পরে গৃহবধূকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
গ্রেপ্তারের পর আজ সকালে ছানু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাতে ওই গৃহবধূ একাই বাড়িতে ছিলেন। এর সুযোগ নিয়ে পূর্বপরিচিত ছানু মিয়া তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। এ সময় ছানু ঘটনাটি কাউকে না জানাতে তাঁকে হুমকি দিয়ে যান। পরে গৃহবধূ তাঁর মুঠোফোন থেকে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা-পুলিশ গৃহবধূর বাড়িতে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গোলাপগঞ্জের একটি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ছানু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল করিম বলেন, ‘৯৯৯ থেকে থেকে ফোন পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাকে ঘটনাস্থলে পাঠান। সেখানে গিয়ে প্রথমে ভিকটিমকে উদ্ধার করি। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যা পরে মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমরা ছানু মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করি। গৃহবধূকে ওই রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। আর গ্রেপ্তারের পর আজ সকালে ছানু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’