মনপুরায় ১০ ফুট লম্বা চিচিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার মনপুরা উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজের অর্থনীতির বিভাগের প্রভাষক উৎপল মন্ডলের বাড়ির আঙিনায় লাগানো গাছে ধরা ৮-১০ ফুট লম্বা চিচিঙ্গা। সম্প্রতি উৎপল মন্ডল চিচিঙ্গার ছবি ফেসবুকে আপলোড করেছেন
ছবি: সংগৃহীত

বাড়ির আঙিনায় চিচিঙ্গার বীজ বপন করেছিলেন এক কলেজশিক্ষক। এ ঘটনা তিন মাস আগের। এরপর গাছ পরিচর্যা করেন। দেখতে দেখতে গাছে ৮–১০ ফুট লম্বা চিচিঙ্গা ধরে। কলেজশিক্ষকের বন্ধুরা ওই চিচিঙ্গার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পর ওই চিচিঙ্গা দেখতে তাঁর বাড়িতে মানুষের ভিড় জমতে থাকে। ব্যতিক্রমী এ ঘটনা ঘটেছে ভোলার মনপুরা উপজেলায়।

ভোলার মনপুরা উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক উৎপল মন্ডল। তাঁর বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর যতিন গ্রামে। তিনি জানান, সহকর্মী সীমান্ত হেলাল তাঁর বাড়িতে ঘুরতে গিয়ে বাড়ির আঙিনায় চিচিঙ্গা দেখে ছবি তোলেন ও মাপেন। কোনোটি ৭ ফুট, কোনোটি ১০ ফুট লম্বা। ওই ছবি ফেসবুকে আপলোড করার পর সবাই তাঁর বাড়িতে আসতে শুরু করেছেন।

উৎপল মন্ডল জানান, তিন মাস আগে তিনি তাঁর শ্বশুরবাড়ি খুলনার পাইকগাছা উপজেলায় বেড়াতে গিয়েছিলেন। তাঁর শ্বশুর তাঁকে চিচিঙ্গার চারটি বীজ দিয়েছিলেন। সেই বীজ মনপুরায় এনে বাড়ির আঙিনায় বপন করেন। বীজ থেকে গাছ জন্ম নিলে ছাদের ওপর তুলে দেন। কোনো সার ও ওষুধ ছাড়াই গাছ বড় হয় ও সবজি ধরে।

ভোলার মনপুরা উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক উৎপল মন্ডলের বাড়ির আঙিনায় লাগানো গাছে ধরেছে ১০ ফুট লম্বা চিচিঙ্গা
ছবি: সংগৃহীত


ভোলার মনপুরা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, ‘এটি খরিপ-১ মৌসুমের উফশী জাতের চিচিঙ্গা। মনপুরার চর যতিনের মাটির কারণে ১০ ফুটের বেশি লম্বা হয়েছে। আমরা বীজ সংগ্রহ এবং আরও পরীক্ষা-নিরীক্ষা করে মনপুরায় সম্প্রসারণের ব্যবস্থা করব।’