
পাকিস্তানি বাহিনীর নির্যাতন-শিবির থেকে আর ফিরে আসেননি শিক্ষক মনিমুল হক। শুধু ফিরে এসেছে তাঁর হাতের লাঠি, ব্যাগ, টর্চ আর গায়ের সোয়েটার। দুই মুক্তিযোদ্ধা সন্তান যুদ্ধ শেষে বাবার লাশ খুঁজেছেন। শনাক্ত করা সম্ভব হয়নি।
‘হাজারো কঙ্কাল, হাজারো লাশ—বাবাকে আলাদা করতে পারলাম না,’ বললেন ছোট ছেলে মজিবুল হক।
১৯৭১ সালে অধ্যাপক মনিমুল হক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। দুই ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছেন। তার ওপর নির্যাতনের সেটাই কারণ।
মে মাসে প্রথমবার মনিমুল হককে ধরে নিয়ে যাওয়া হয় চাঁপাইনবাবগঞ্জের চৈতন্যপুর গ্রাম থেকে। প্রথমে রাজশাহী, পরে নাটোর, সবশেষে ঢাকায় শেরেবাংলা নগর পাকিস্তানি বাহিনীর একটি ক্যাম্পে বন্দী করে রাখা হয়। তাঁর কাছ থেকে তথ্য আদায় করতে নিয়মিত নির্যাতন করা হতো। পরে এক শর্তে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল—নিজের শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না।
কিন্তু স্থানীয় আলবদর বাহিনীর লোকেদের চক্রান্তে নভেম্বর মাসে আবার তাঁকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী।
ওই মাসের প্রথম সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ থানার ওসি একদিন তাঁর বাসায় হাজির। সঙ্গে আলবদর বাহিনীর কয়েকজন। ওসি তাঁকে বললেন, থানায় গিয়ে শুধু একটা কাগজে সই দিতে হবে। তখন রাত সাড়ে নয়টা। মনিমুল হক সব সময় একটা লাঠি নিয়ে চলতেন। রাতের বেলায় টর্চ ব্যবহার করতেন। সেদিন এগুলোর পাশাপাশি নিজের ব্যবহারের ব্যাগটাও নিয়েছিলেন। থানায় পৌঁছার আগেই তিনি দেখেন মেজর সেরোয়ানি খান জিপ নিয়ে অপেক্ষা করছেন। তাঁকে দেখেই বলে উঠলেন, ‘আমাদের সঙ্গে চিড়িয়া খেলছ? চলো মজা দেখাচ্ছি।’
তঁারা তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলে নিয়ে গিয়ে তুলে দিয়েছিলেন কর্নেল রিজভীর হাতে। কর্নেল রিজভী মনিমুল হককে বললেন, ‘বোর্ডের সিদ্ধান্ত হয়েছে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। তোমার দুই ছেলে মুক্তিযোদ্ধা। তুমি তাদের কাছে তথ্য পাচার করো। তুমি পাকিস্তানের দুশমন।’
জোহা হলে তাঁকে একটি কক্ষে রাখা হয়েছিল। প্রতিদিন রাতে সেখান থেকে টর্চার সেলে নিয়ে গিয়ে তথ্য আদায়ের জন্য নির্যাতন করা হতো। জোহা হলের কক্ষে তিনি তাঁর এলাকার লোক কসিমুদ্দিন ও তৎকালীন এমএলএ আলহাজ রইস উদ্দিন আহাম্মেদের ছেলে গুনুকে পান। তাঁদের কাছেই তিনি নির্যাতনের বিবরণ দিতেন।
বন্দিদশা আর নির্যাতনের এক অনন্ত চক্র যেন। দশম দিন রাতে ব্যতিক্রম ঘটল। রাত দুইটায় তাঁকে নিয়ে যাওয়া হলো চোখ ও হাত বেঁধে। সেবার গিয়ে আর ফিরে আসেননি মনিমুল হক।
শহীদ মনিমুল হককে চক্রান্ত করে ধরিয়ে দেওয়ার অভিযোগে দেশ স্বাধীন হওয়ার পরে তাঁর কলেজের শিক্ষক আবদুর রহিম, আফাজ উদ্দিন ও তৈয়ব আলীর নামে থানায় এজাহার করা হয়। এঁদের গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাঁরা কারাগার থেকে ছাড়া পান। এমনকি ফিরে পান কলেজের চাকরিও। এঁদের মধ্যে আফাজ উদ্দিন ও তৈয়ব আলী মারা গেছেন। আবদুর রহিমের খবর জানা যায় না। তাঁর বাড়ি ছিল বরিশালে।
পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করার পর জোহা হল থেকে মুক্ত হন কসিমুদ্দিন ও গুনু। তাঁরাই মনিমুল হকের স্মৃতিচিহ্নগুলো সঙ্গে নিয়ে আসেন। ছাতাটি অবশ্য বাড়িতেই ছিল।
শহীদ মনিমুল হকের সেই লাঠি, টর্চলাইট, গায়ের সোয়েটার, ব্যাগ ও ব্যবহৃত ছাতাটি তাঁর দুই মেয়ে নাসিমা হক ও আনিসা হক যত্ন করে তুলে রেখেছিলেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ স্মৃতি সংগ্রহশালা করা হলে সেখানে স্থান পেয়েছে স্মৃতিচিহ্নগুলো। বছর দুই আগে চাঁপাইনবাবগঞ্জ কলেজে তাঁর নামে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।