মনিরামপুর শহরে সড়ক প্রশস্ত করার দাবিতে অবস্থান ধর্মঘট
যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মনিরামপুর শহরের পানিনিষ্কাশনের নালাসহ সড়ক প্রশস্তকরণের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে মনিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটি। আজ শনিবার দুপুরে পৌর শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যশোরের রাজারহাট থেকে চুকনগর পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণসহ সংস্কার করা হচ্ছে। বিটুমিনের সড়কটি ২৪ থেকে ৩৬ ফুটে উন্নীত করা হচ্ছে। এ ছাড়া সড়কের দুই পাশে আরও ৬ ফুট করে মোট ১২ ফুট ফাঁকা জায়গা রাখা হচ্ছে। কিন্তু মনিরামপুর শহরের সড়ক ২২ থেকে ২৫ ফুটের বেশি প্রশস্ত হচ্ছে না। সড়কের অন্তত ৪০০ মিটারের মধ্যে দুই পাশে সরকারি কোনো জায়গা নেই। ফলে সব সময়ই যানজট লেগেই থাকে। এ ছাড়া সড়কের পানি বের হওয়ার জন্যও কোনো ড্রেন নেই। একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এ অবস্থায় সড়কের দুই পাশের জমি অধিগ্রহণ করে পানিনিষ্কাশনের জন্য পরিকল্পিত নালাসহ সড়ক প্রশস্ত করার দাবি জানানো হয়।
সমাবেশে আয়োজক কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, মনিরামপুর মাছবাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আজিম হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি রীতা রানী পাড়ে, সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার, উপজেলা তাঁতি লীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ দাস, ট্রাক মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হাজি রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
অবস্থান কর্মসূচি শেষে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, মনিরামপুর শহরাংশের ৪০০ মিটারের দুই পাশে সরকারি কোনো জায়গা নেই। এ জন্য সাড়ে ৫ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য জরিপ করা হয়েছে। এখন ওই সড়কের নকশা করার জন্য সওজের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।