মনিরামপুরে কম্বলে মোড়ানো প্রতিবন্ধীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলায় প্রতিবন্ধী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গোপালপুরের একটি বেগুনখেত থেকে কম্বলে মোড়ানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশের ধারণা, ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল দুপুরে গোপালপুর গ্রামের এক কৃষক তাঁর নিজের বেগুনখেত পরিচর্যা করতে গিয়ে খেতের মধ্যে এক নারীর লাশ দেখতে পান। লাশের গায়ে কম্বল ছিল। সেই কম্বলের কিছুটা অংশ তাঁর মুখের ভেতরে ঢুকিয়ে দেওয়া ছিল। বাঁ হাঁটু ভাঙা। পাশে পড়ে ছিল নাইলনের রশি। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। বিকেলে পুলিশ ঘটনাস্থলে আসে। সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ওই নারীর এক চাচা বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। কখনো মনিরামপুর বাজারে, আবার কখনো গোপালপুর বাজারে তিনি থাকতেন। ভিক্ষা করে তাঁর দিন চলত।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, গতকাল সন্ধ্যায় ওই নারীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।