'মনে হয়েছিল আর ফিরতে পারব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা জয় করে বুধবার বাড়ি ফেরার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে সাতকানিয়ার তিন যুবক  (বাঁ থেকে) আনোয়ার হোসেন, মনির হোসেন ও শাহরিয়ার রোমান।  ছবি: সংগৃহীত
করোনা জয় করে বুধবার বাড়ি ফেরার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে সাতকানিয়ার তিন যুবক (বাঁ থেকে) আনোয়ার হোসেন, মনির হোসেন ও শাহরিয়ার রোমান। ছবি: সংগৃহীত

‘করোনাভাইরাসে আক্রান্ত—এমন খবর শুনে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিল, আর জীবিত ফিরতে পারব না। আল্লাহর দয়া ও চিকিৎসক-নার্সদের সেবায় নতুন জীবন ফিরে পেয়েছি।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে কথাগুলো বলেন চট্টগ্রামের সাতকানিয়ার ইছামতি আলীনগর এলাকার বাসিন্দা মো. মনির হোসেন (৩১)। তিনি গ্রাম পুলিশের সদস্য।


সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর এলাকার এক ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ৯
এপ্রিল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ

হাসপাতালে মারা যান। মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে ওই ব্যক্তিকে স্বাভাবিক প্রক্রিয়ায় চিকিৎসা, মৃত্যুর পর পরিবহন, ধোয়া, কাফন পরানোসহ জানাজা শেষে দাফন করা হয়। ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাঁর সংস্পর্শে আসা পরিবারের সদস্য, প্রতিবেশী, কাফন-দাফনের কাজে নিয়োজিত ছিল এমন ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে মনির হোসেন, আনোয়ার হোসেন (২৭), শাহরিয়ার রোমান (২৫)সহ পাঁচজনের করোনা শনাক্ত হয়।


এর মধ্যে মনির হোসেন ছাড়াও ব্যবসায়ী আনোয়ার হোসেন (২৭) ও শাহরিয়ার রোমান (২৫) করোনা জয় করে বুধবার বিকেলে গ্রামে বাড়িতে ফিরে এসেছেন। এখন তাঁরা ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন।

>সাতকানিয়ায় এক ব্যক্তির মাধ্যমে সংক্রমিত হন পাঁচজন। তাঁদের মধ্যে তিনজন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘৯ এপ্রিল সন্ধ্যার দিকে করোনা সংক্রমণ প্রতিরোধে এলাকার লোকজনকে ঘরে থাকার জন্য প্রচার চালাচ্ছিলাম। ওই সময় প্রতিবেশী এক বৃদ্ধ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ধরাধরি করে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তুলে দিই। ওই রাতেই তিনি মারা যান। পরে তাঁর করোনা শনাক্ত হয়। এরপর মনে একটা ভয় কাজ করছিল। সত্যি সত্যি করোনায় আক্রান্ত খবর শুনে ভেঙে পড়েছিলাম। পরের দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় শুধুই কেঁদেছি। তখন মনে হয়েছিল, জীবিত আর ফিরতে পারব না। ওই সময় ফেসবুকে অনেকেই আমাদের নিয়ে ভয়ভীতি ছড়িয়েছে।’

আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা কেউ জানতাম না, ওই ব্যক্তি করোনায় মারা গেছেন। পরে তাঁর করোনা শনাক্ত হলে আতঙ্কিত হয়ে পড়ি। কারণ, আমিও তাঁর সংস্পর্শে ছিলাম। পরে করোনা শনাক্ত হলে মনে হয়েছিল, আর বুঝি বাঁচব না। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের ঠিকই বাঁচিয়ে দিয়েছেন।’

শাহরিয়ার রোমান প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তিকে আমিসহ কয়েকজন কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাই। ওই ব্যক্তির দাফন-কাফন শেষ করার পরদিন আমার সামান্য গলাব্যথা হয়। অন্য কোনো উপসর্গ ছিল না। করোনায় সংক্রমিত হলে ১৬ এপ্রিল আমাদের হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স আসে। তখন মনে হয়, মৃত্যুর কাছাকাছি চলে এসেছি।’

সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা তিনজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক ও নার্সদের সেবায় সন্তুষ্ট। তাঁরা
চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ও চিকিৎসকদের কথা মেনে আমাদের সবার
ঘরেই থাকতে হবে। সবাইকে নিয়ম মেনে চলতে হবে। না হলে সংক্রমণ কোনো অবস্থাতেই ঠেকানো যাবে না।’