মনোহরদীর তিন ইউপিতেই আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী জেলার মানচিত্র

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর, চরমান্দালিয়া ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বুধবার রাতে মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এসব ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বেসরকারিভাবে নির্বাচিত তিনজন হলেন খিদিরপুরে অটোরিকশা প্রতীকের কাউছার রশিদ, চরমান্দালিয়ায় আনারস প্রতীকের আনিছ উদ্দীন ও কৃষ্ণপুরে আনারস প্রতীকের এ বি এম মাহবুবুর রহমান। তিন ইউপিতেই নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানদের পরাজিত করে আওয়ামী লীগের এই তিন বিদ্রোহী প্রার্থী জয়ী হলেন।

মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তিন ইউপিতে অনুষ্ঠিত এ নির্বাচনের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় ভোটাররা শান্তিপূর্ণভাবে তাঁদের ভোট দিয়েছেন। তিন ইউপির কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কাউছার রশিদ ২ হাজার ৯৮৩, আনিছ উদ্দীন ৩ হাজার ৮১ ও এ বি এম মাহবুবুর রহমান ৫ হাজার ৪৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।