মনোহরগঞ্জে বিনা ভোটে জয়ী ১০ ইউপি চেয়ারম্যানের জন্য তড়িঘড়ি শপথ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে বিনা ভোটে জয়ী আওয়ামী লীগ মনোনীত ১০ প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনেকটা তড়িঘড়ি করে আয়োজন করা হয় গতকাল বৃহস্পতিবার বিকেলে। শপথবাক্য পাঠ করান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। হত্যা মামলার আসামি হওয়ায় শপথ নিতে পারেননি একজন।

ষষ্ঠ ধাপে গত ৩১ জানুয়ারি মনোহরগঞ্জ উপজেলার পাশাপাশি মুরাদনগর উপজেলার ২১টি ইউপিতে নির্বাচন হয়। মুরাদনগরের নির্বাচিত চেয়ারম্যানদের এখন পর্যন্ত গেজেট হয়নি। অথচ মনোহরগঞ্জ উপজেলার গেজেট হলো, শপথ অনুষ্ঠানও হয়ে গেল।

আরও পড়ুন

কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ষষ্ঠ ধাপে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইয়ে সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। ১৩ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে শুধু আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা থাকেন। তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

কয়েকটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক কয়েকজনের অভিযোগ, নির্বাচনী তফসিল ঘোষণার পর সন্ত্রাসী হামলা ও বাধার কারণে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি তাঁরা। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদনও করা হয়েছিল।

ঢাকায় আগারগাঁও এলাকায় নির্বাচন ভবনের সামনে মানববন্ধনও হয়। এতেও মনোনয়ন জমা দিতে না পারায় চারজন গত ১ জানুয়ারি উচ্চ আদালতে রিট করেন। ১৩ জানুয়ারি আবার রিট করেন। আদালত ৪৮ ঘণ্টার মধ্যে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা ও বাছাই করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

আদালতের নির্দেশনার কপি পাওয়ার পর গত ২০ জানুয়ারি ওই চারজন মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, কিন্তু চারজনকে কোনো ধরনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। গত ২৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ চেয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার তিন ইউনিয়নের ওই চার চেয়ারম্যান প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার এ কে নূরুল হুদার কাছে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৫ জানুয়ারি তাঁরা প্রতীক বরাদ্দ পান।

এই আদেশের বিরুদ্ধে ওই দিন বিকেলেই আপিল করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঝলম উত্তর ইউপির আবদুল মজিদ খান, লক্ষ্মণপুর ইউপির মহিনউদ্দিন চৌধুরী ও সরশপুর ইউপির আবদুল মান্নান ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন। আদালত ছয় সপ্তাহের জন্য ওই চার চেয়ারম্যান প্রার্থীর আদেশ স্থগিত করেন। এ অবস্থায় প্রতীক বরাদ্দ পেয়েও তাঁরা আর নির্ধারিত তারিখে নির্বাচন করতে পারেননি। এর মধ্যেই গতকাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১০ চেয়ারম্যান শপথ নেন।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন বাইশগাঁও ইউপির আলমগীর হোসেন, সরসপুরের আবদুল মান্নান, হাসনাবাদের কামাল হোসেন, ঝলম উত্তরের আবদুল মজিদ খান, ঝলম দক্ষিণের আশিকুর রহমান, মৈশাতুয়ার মফিজুর রহমান, খিলার আল আমিন ভূঁইয়া, উত্তর হাওলার আবদুল হান্নান, নাথেরপেটুয়ার আবদুল মান্নান চৌধুরী ও বিপুলাসা ইউপির ইকবাল মাহমুদ। আওয়ামী লীগ নেতা ও কৃষক অজি উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হওয়ায় এদিন শপথ নিতে পারেননি বিনা ভোটে জয়ী লক্ষ্মণপুর ইউপির চেয়ারম্যান মহিনউদ্দিন চৌধুরী।

১০ ইউপি চেয়ারম্যানের শপথ পড়ানো অনুষ্ঠানে নিয়মের কোনো ব্যত্যয় হয়নি দাবি করে কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, মুরাদনগরে ইউপি বেশি, তাই গেজেট প্রকাশ হতে সময় লাগছে। মনোহরগঞ্জের গেজেট হওয়াতে জেলা প্রশাসক শপথবাক্য পাঠ করিয়েছেন। এখানে অন্য কিছু নেই।