মনোহরদীতে খড়ের গাদার নিচ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে খড়ের গাদার নিচে ফেলে রাখা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিয়াপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের আনুমানিক বয়স ২৫। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত যুবকের পরনে রয়েছে ফুলহাতা টি–শার্ট ও জিনসের প্যান্ট। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ধারণা, গতকাল বুধবার রাতের কোনো এক সময় ওই যুবককে পিটিয়ে হত্যার পর ওই খড়ের গাদার নিচে লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন জানান, আজ সকাল নয়টার দিকে হুগলিয়াপাড়ার একটি খড়ের গাদার নিচে একটি লাশ পড়ে থাকতে দেখেন লোকজন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। পরে মনোহরদী থানা-পুলিশকে এ ঘটনা জানানো হলে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এলাকাবাসীর ভাষ্য, ওই যুবককে আগে কখনো এ এলাকায় দেখা যায়নি।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ধারণা, গতকাল বুধবার রাতের কোনো এক সময় ওই যুবককে পিটিয়ে হত্যার পর ওই খড়ের গাদার নিচে লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা।

পুলিশ বলছে, নিহত ওই যুবকের পিঠে, গলায় ও চোখের নিচে রক্তাক্ত জখমের দাগ রয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বেলা একটার দিকে সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে সিআইডি, ডিবি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান বলেন, ওই যুবককে কে বা কারা পিটিয়ে হত্যা করেছে। পরে তাঁর লাশ ওই খড়ের গাদার নিচে ফেলে  গেছে। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।