মন্ত্রণালয়ের স্মারক ও সচিবের স্বাক্ষর জাল, কাজি কারাগারে
আইন মন্ত্রণালয়ের স্মারক ও সচিবের স্বাক্ষর জালের অভিযোগে দায়ের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম উদ্দিন নামে এক নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার বিকেলে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালত জামিন নামঞ্জুর করে ওই কাজিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিস্ট্রার আনোয়ারুল হক গত ২৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের বাসিন্দা ও কাজি ইসলাম উদ্দিন এবং তাঁর ভাতিজা নাসিরনগর উপজেলার ধানতলিয়া গ্রামের রফিকুল ইসলামের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ের স্মারক ও সচিবের স্বাক্ষর জালের ঘটনায় আদালতে অভিযোগ করেন। রফিকুল ইসলাম ও ইসলাম উদ্দিন পরস্পর চাচা-ভাতিজা। এর আগে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন ইসলাম উদ্দিন। গত রোববার তিনি আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ২০০৬ সালের ২৩ অক্টোবর ইসলাম উদ্দিনের যোগসাজশে রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাজি পদের জন্য একটি জাল নিয়োগপত্র তৈরি করেন। ঘটনার প্রায় ১১ বছর পর ওই দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর আগে ২০১৪ সালে মন্ত্রণালয়ের তদন্তে বিষয়টি প্রমাণিতও হয়। এদিকে গত ২২ এপ্রিল মোহাম্মদ মুরাদুচ্ছালেহীন নামে এক লোক সর্বশেষ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ দেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই অভিযোগের তদন্ত চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০০ সালে আইন মন্ত্রণালয় থেকে ইসলাম উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাজি হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ইসলাম উদ্দিন ১৭ বছর ধরে পৌরসভার ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডে কাজি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ উঠেছে, তিনি বেআইনিভাবে দিনের পর দিন একটির বদলে তিনটি ওয়ার্ডে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া একাধিক বাল্যবিবাহ দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
তবে ইসলাম উদ্দিনের দাবি, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডটি ভাগ হয়ে ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে রূপান্তরিত হওয়ায় তিনি এই তিন ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন। বাল্যবিবাহ দেওয়ার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি। অবশ্য কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, ইসলাম উদ্দিন কাজি হিসেবে নিয়োগ পাওয়ার আগেই পৌরসভার চারটি ওয়ার্ডকে ভাগ করে ১২টি করা হয়। ১৯৯৮ সালে ওয়ার্ডগুলোকে বিভাজন করা হয়। আর ইসলাম উদ্দিন কাজি হিসেবে নিয়োগ পান ২০০০ সালে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি নবীর হোসেন বলেন, ওই কাজিকে জেলা কারাগারে পাঠান আদালত।