মন্ত্রী ও সংসদ সদস্যরা বন্যাকবলিত জনগণের পাশে দাঁড়াচ্ছেন না: অভিযোগ সিলেট বিএনপির
দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নদী-খাল দখল করে আছেন। ফলে পানির ধারণক্ষমতা কমে গেছে। এ কারণে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।আজ বুধবার বিকেলে সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত ১ হাজার ১০০ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে বিএনপি নেতারা এমন অভিযোগ করেন।
জেলা বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি অভিযোগ করেন, ভয়াবহ বন্যায় সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত। কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যরা বন্যাকবলিত জনগণের পাশে দাঁড়াচ্ছেন না। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুন নূরের সভাপতিত্বে ও বোয়ালজুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেক আহমদের সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবদুল মুনিম, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, মাহবুব আলম প্রমুখ।
এর আগে সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর এলাকায় জেলা বিএনপির উদ্যোগে যুক্তরাজ্য লিভারপুল বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ হকের অনুদানে বন্যাকবলিত ১ হাজার ৫০০ জনকে আর্থিক সহায়তা করা হয়।
এ কর্মসূচিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।