শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গতকাল বুধবার চট্টগ্রামের আনোয়ারার ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানা পরিদর্শন করেছেন। এদিকে সার কারখানায় দুর্ঘটনার কারণ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার রাতে আনোয়ারা উপজেলার রাঙাদিয়া গ্রামে ডিএপি সার কারখানার ১ নম্বর ইউনিটে তরল অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাংক বিকট শব্দে ফেটে যায়। ঘটনার সময় কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এখনো উৎপাদন বন্ধ আছে।
আমির হোসেন আমু ও সাইফুজ্জামান চৌধুরী গতকাল ট্যাংকটি পরিদর্শন করে দ্রুত সিইউএফএলের বিশ্রামাগারে চলে যান। সেখানে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এখনো গ্যাস ছুটছে। নাকে গন্ধ পাচ্ছি। এ দুর্ঘটনায় আমরা ব্যথিত, মর্মাহত। এ দুর্ঘটনা কেন ঘটেছে, কারও অবহেলা ছিল কি না, তা বের করতে দুটি তদন্ত কমিটি হয়েছে। কমিটির প্রতিবেদনের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে। কারও অবহেলা থাকলে সেটি খতিয়ে দেখা হবে।’
এদিকে অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ৫৩ জনের মধ্যে গতকাল ৩৪ জন চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে দেখতে যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসাধীন ৩৪ জন সুস্থ হয়ে উঠছেন। তাঁরা আজকালের মধ্যে বাড়ি যেতে পারবেন।’
এদিকে দুর্ঘটনার প্রায় ৪৩ ঘণ্টা পরও গতকাল বিকেলে দুর্ঘটনাস্থলে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাওয়া গেছে।
গতকালও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের পরিদর্শক দোলন আচার্য প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের আশপাশে যেখানে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, সেখানে পানি ছিটানো হচ্ছে।