মন্দির ভাঙচুরে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস ধর্ম প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান
ছবি: সংসদ সচিবালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির, হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু বাড়িঘর-দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনার সঙ্গে জড়িতরা কেউ ছাড় পাবে না বলে আশ্বাস দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ওই এলাকা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে এই আশ্বাস দিয়েছেন তিনি।

বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এ দেশে উৎসবে ধর্মীয় ভেদাভেদ নেই। দেশে ধর্মীয় সম্প্রীতি আছে ও থাকবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।

৭ আগস্ট বিকেলের দিকে শিয়ালী গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি মন্দির, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় রূপসা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু বাদী হয়ে ওই রাতেই রূপসা থানায় মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।

রূপসা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু বাদী হয়ে মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করেন।

এ সময় প্রতিমন্ত্রী শিয়ালীর ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করেন। দেশে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্টের সুযোগ না পায়, সেদিকেও নজর রাখার আহ্বান জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী ওই এলাকা পরিদর্শন শেষে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভুক্তভোগী পরিবারের মধ্যে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করেন। পরে বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে আন্তধর্মীয় সংলাপে প্রধান অতিথি ছিলেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল, খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৬ আসনের সাংসদ মো. আক্তারুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুব্রত পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী প্রমুখ।