মন্দিরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে গণ অনশন
সাম্প্রদায়িক সহিংসতা, মন্দির-পূজামণ্ডপে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নোয়াখালীতে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত সনাতনী পরিষদের বৃহত্তর নোয়াখালী শাখার পক্ষে এর আয়োজন করা হয়।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনশন কর্মসূচি পালিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে। কর্মসূচি চলাকালে আয়োজক সংগঠনের পক্ষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে তাদের দাবিসংবলিত স্মারকলিপি জমা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি উপলক্ষে সকাল থেকে জেলার প্রধান বাণিজ্যিক শহর বেগমগঞ্জের চৌমুহনী ও জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা সেখানে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। এ সময় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সংক্ষিপ্ত সময়ে কর্মসূচি শেষ করার অনুরোধ করে। এ নিয়ে ওসির সঙ্গে কয়েকজন ইসকন ভক্তের তর্কাতর্কি হয়। এমন পরিস্থিতিতে আয়োজক সংগঠন দ্রুত কর্মসূচি শেষ করে।
গণ অনশন ও অবস্থান কর্মসূচিতে ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সম্মিলিত সনাতনী পরিষদের বৃহত্তর নোয়াখালী শাখার আহ্বায়ক অজিত কুমার নাথ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, গত ১৫ অক্টোবর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির–পূজামণ্ডপে হামলা-ভাঙচুর চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। প্রতিটি মন্দিরে লুটপাট চালানো হয়েছে। কিন্তু এসব ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে প্রশাসনের লোকজন বারবার হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মন্দির পরিষ্কার করার জন্য চাপ দিচ্ছেন।
সুধারাম থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সাংসদ মো. হানিফের মৃত্যুতে শহরবাসী শোকাহত। এ কারণে আয়োজকদের সংক্ষিপ্তভাবে কর্মসূচি শেষ করতে অনুরোধ করা হয়। এতে তাঁদের কয়েকজন উল্টো তর্কে লিপ্ত হন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।