ময়মনসিংহ নগর উন্নয়নে মহাপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ নগর উন্নয়নের মহাপরিকল্পনার প্রদর্শনী ও গণশুনানি গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। নগর উন্নয়ন অধিদপ্তর ও সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি-২) উদ্যোগে ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে এর আয়োজন করা হয়।

ময়মনসিংহ শহর ও পাশের ১০টি ইউনিয়নকে নিয়ে ময়মনসিংহ নগর উন্নয়নের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা হাতে নিয়েছে নগর উন্নয়ন অধিদপ্তর ও সিডিএমপি। সকাল ১০টায় টাউন হল মাঠে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. ইকরামুল হক। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিকেলে একই মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাপরিকল্পনায় উড়ালসেতু নির্মাণ করে শহরের যানজট নিরসন করা, অত্যাধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ, শিল্পনগরী গড়া, ব্রহ্মপুত্রের চরাঞ্চলকে পর্যটন এলাকা ঘোষণা ও সেখানে রিসোর্ট তৈরির কথা বলা হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়টি মাথায় রেখে নগরায়ণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উন্নয়ন ও আধুনিকায়নের এ নকশা গতকাল দিনব্যাপী প্রদর্শন করা হয়। পরে মহাপরিকল্পনা নিয়ে ময়মনসিংহ পৌরসভা ও ইউনিয়নগুলোর বাসিন্দাদের কয়েকজন মতামত দেন।

পৌর মেয়র বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে ময়মনসিংহ দেশের মডেল নগরে পরিণত হবে। ২০৩১ সালের মধ্যে অধিকাংশ প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে।

প্রদর্শনী ও গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন সিডিএমপির উপপ্রকল্প পরিচালক শমশের আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফৌজি-বিন-ফরিদ, সিডিএমপির প্রকল্প ব্যবস্থাপক পিটার মিডওয়ে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম প্রমুখ।