ময়মনসিংহ নার্সিং কলেজে ছাত্রীদের পেটাল পুলিশ

অধ্যক্ষ ও ছাত্রীনিবাসের হাউসকিপারের (তত্ত্বাবধায়ক) অপসারণ দাবিতে আন্দোলনের মুখে গতকাল সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ময়মনসিংহ নার্সিং কলেজ। এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ছাত্রীনিবাস না ছাড়ায় সেখানে ঢুকে ছাত্রীদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন ছাত্রী।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ছাত্রীনিবাসের আসন বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে অধ্যক্ষ মনোয়ারা খাতুন ও ছাত্রীনিবাসের হাউসকিপার নাজমুন নাহারের অপসারণ দাবিতে গত রোববার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে আকস্মিকভাবে কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ছাত্রীদের অভিযোগ, কলেজ বন্ধ ঘোষণার পর বেলা দুইটার মধ্যেই ছাত্রীদের হোস্টেল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীরা হোস্টেল না ছাড়ায় বিকেল চারটার দিকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ও রহিমা খাতুন ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। তাদের লাঠিপেটায় আহত হন কমপক্ষে ৩০ ছাত্রী। আহতদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহপাঠীরা। পরে পুলিশের লাঠিপেটার পরও ছাত্রীরা হোস্টেল না ছাড়ায় আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, ১৮ অক্টোবর কলেজের দুটি ছাত্রীনিবাসের আসন বরাদ্দ নিয়ে কলেজের অধ্যক্ষ ও ছাত্রীনিবাসের হাউসকিপার বিএসসি ইন নার্সিং কোর্সের ছাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন। আসন বরাদ্দে ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরতদের সুবিধা দেন তাঁরা। এর প্রতিবাদ করলে শিক্ষার্থীদের সামনে অধ্যক্ষ উসকানিমূলক বক্তব্য দিয়ে বিতর্ক বাড়ান। তা ছাড়া হাউসকিপার অধ্যক্ষের অনুমতি নিয়ে ছাত্রীনিবাসের ভেতর প্রাপ্তবয়স্ক সন্তানসহ তিনটি কক্ষ দখল করে বাস করছেন।
তবে অধ্যক্ষ মনোয়ারা খাতুন বলেন, ‘আসন বণ্টন নিয়ে কোনো বৈষম্য করা হয়নি। আসন সংকট থাকায় বিএসসি কোর্সের ছাত্রীদের মনমতো আসন বণ্টন করা সম্ভব হয়নি। আর হাউসকিপারের থাকার ব্যবস্থা করা আমার দায়িত্ব। আলাদা ভবন না থাকায় তাঁকে হোস্টেলে থাকতে দিয়েছি।’
অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার্থীদের অকারণ আন্দোলন দমাতেই কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীরা হোস্টেল না ছাড়ায় পুলিশ তাঁদের হল ছাড়তে বললে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।’