‘মরার বান আসি সউগ শ্যাষ করিল, ফতুর হয়া গেলোং’

বৃহস্পতিবার রাতে প্রচণ্ড বেগে পানির স্রোত এসে সব ডুবে যায়। এতে কুড়িগ্রামে তিস্তা অববাহিকায় ৩টি উপজেলার ৬০ কিলোমিটার এলাকা প্লাবিত হয়ে পড়ে। চর বিদ্যানন্দ, তৈয়ব খাঁ ও চর গতিয়াসামের বন্যার ক্ষয়ক্ষতির চিত্র হাজির এখানে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালুর নিচে চাপা পড়া ঘরের টিন তোলার চেষ্টা করছে চরবাসী। রোববার তিস্তার চর গতিয়াসামে
প্রথম আলো

‘যে ম্যাদ (কাদা) পড়ছে, মাটিত পাও দেওয়া যায় না। ডাবি যায়।’ তিস্তা অববাহিকায় হঠাৎ বন্যা এবং সে পানি নেমে যাওয়ার পর বালুর নিচে পড়ে থাকা নিজের বাদামখেত দেখিয়ে দুঃখ করে কথাগুলো বলছিলেন কৃষক আবদার আলী। তাঁর বাড়ি কুড়িগ্রাম রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দে। এলাকাটি তিস্তা নদীর পশ্চিম পাড়ে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও তিস্তা নদীতীরবর্তী মানুষেরা জানান, গত বুধবার সকাল থেকে পানি বাড়তে থাকে। বৃহস্পতিবার রাতে প্রচণ্ড বেগে পানির স্রোত এসে সব ডুবে যায়। এতে কুড়িগ্রামে তিস্তা অববাহিকায় ৩টি উপজেলার ৬০ কিলোমিটার এলাকা প্লাবিত হয়ে পড়ে।

গতকাল রোববার চরে যাওয়ার জন্য নৌকায় উঠে দেখা যায়, নদীর পানি কমলেও এখনো প্রচণ্ড স্রোত বইছে। বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। পাশেই ঘাড়ে গামছা নিয়ে চরের দিকে তাকিয়ে আছেন কৃষক আম্বার আলী। সঙ্গে ছেলে আমিনুল ইসলাম ও নাতি রাসেল। বৃদ্ধের মুখে রোদ পড়ে জ্বলে যাচ্ছে। বিন্দু বিন্দু ঘাম ঝরছে। সেদিকে কোনো খেয়াল নেই। কোথায় যাবেন জিজ্ঞেস করতেই মুখ ঘুরিয়ে বলেন, ‘বানে জমি খায়া গেইছে, তাকে দেখপার যামো। দেড় একর জমিত আগাম আলু গাড়ছিনো। ছয় দিন আগে যায়া দেখি গাছ কেবল মাথা তুলছে। মরার বান আসি সউগ শ্যাষ করিল। ফতুর হয়া গেলোং।’

নৌকা থেকে নেমে চর বিদ্যানন্দ, তৈয়ব খাঁ ও চর গতিয়াসামে গিয়ে দেখা যায়, যত্রতত্র পড়ে আছে গাছপালা, ঘরের চাল। জমিতে পড়ে আছে কাঁচা-পাকা ধান, বাদাম, মরিচ, বেগুন, শাকসবজি ও মাষকলাইয়ের গাছগুলো। অধিকাংশের ওপর কাদা-বালু পড়েছে। সেগুলো পচে বাতাসে গন্ধ ছড়াচ্ছে। চরে পা রাখতেই সেই পচা গন্ধ এসে নাকে লাগে। এত কাদা যে হাঁটার উপায় নেই। বিভিন্ন স্থানে খাল হয়ে আছে। পল্লী বিদ্যুৎ বিভাগের খুঁটি মাটিতে পড়ে গেছে। তার খুলে নেওয়া হয়েছে। নদীর তীর এবং উঁচু জমির আল ধরে বিভিন্ন জমি ও বাড়িতে গিয়ে দেখা যায় করুণ অবস্থা।

দুই ছেলেসহ নিজের বাড়িঘরের কোনো চিহ্ন নেই। ঘরের চাল, মালামাল সব তলিয়ে গেছে উন্মত্ত তিস্তার পেটে। রোববার প্রতিবেশীর শূন্যভিটার সামনে বসে আছেন জাহেরা
প্রথম আলো

চর তৈয়ব খাঁর বাসিন্দা আবদুল মজিদ বলেন, ‘গত বুধবার পাকা ধান কাটি আনি বাড়িত রাখছি। বৃহস্পতিবার আঁটি ডাঙ্গামো। রাইতে হিরিম করি পানির স্রোত আসি ভাসে নিয়া গেল। এক বোঝাও রক্ষা করবার পারি নাই। যে স্রোত, পানির ডাক আন্ধারের মধ্যে ভয়ে ঘরের বাহির হওয়ার উপায় আছিল না।’ তিনি আরও বলেন, ‘গতবার বন্যা কম হওয়ায় আগুর (আগাম) ধান, আলু, বাদাম, মাষকলাই লাগাই। ধান থাকলে ছয় মাস চলত। বাকি ফসল বেচে সংসারের অন্যান্য খরচ করছি। এখন চাউল কিনি খাবার নাগবে। চরের মানুষ কৃষির ওপর নির্ভর করি বাঁচে। যে ক্ষতি হইল, কোনোমতে তা পোষার উপায় নাই, যদি সরকার আগে না আসে।’

চর বিদ্যানন্দের পশ্চিমে একরের পর একর জমিতে বাদাম মাটিতে শোয়ানো। ওপরে বালু পড়েছে। কৃষক আবদার হোসেন বলেন, তিনি দুই একর জমিতে আগাম বাদাম আবাদ করেছেন। সব নষ্ট হয়ে গেছে। কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি। কৃষি বিভাগের লোকও আসেননি।

এখান থেকে উত্তরে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসামের অবস্থা আরও করুণ। ফসল তো গেছেই, ঘরবাড়িও বেহাল। অনেক ঘরের চাল, আসবাব বালুর নিচে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বালুর নিচ থেকে টিন, আসবাব, শ্যালো মেশিন, নৌকাসহ বিভিন্ন জিনিস তুলছেন। ভেঙে পড়া ঘরের চালগুলোতে বাঁশের খুঁটি দিয়ে রাখা হয়েছে।

বাদাম গাছগুলো বন্যার পানি ও বালু পড়ে নষ্ট হয়ে গেছে। রোববার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ চরে
প্রথম আলো

চরের বাসিন্দা সোনা উল্লা বলেন, পশ্চিম প্রান্তের ১১টি পরিবারের সবকিছু ভেসে গেছে। বাকিগুলো বালুর নিচে। নদীর পানির যে স্রোত, কোনো কিছুই রক্ষা করতে পারেননি। তাঁরা বালুর নিচ থেকে মালামাল উদ্ধারের চেষ্টা করছেন। কাফি মিয়া নামের একজন বলেন, তাঁর চারটি ঘর, শ্যালো মেশিন, ধান, চাল—সব বালুর নিচে পড়েছে। মালামাল নিয়ে যাওয়ার সময় নদীর ঘূর্ণিস্রোতে পড়ে নৌকা ডুবে যায়। হাছেন আলী নামের আরেকজন বলেন, তাঁর পাওয়ার টিলারটি বালুর নিচ থেকে তোলার জন্য ড্রেজার মেশিন লাগানো হয়েছে।

জাহেরা বেওয়া নামের এক নারী বলেন, ‘রাতে পানি বাড়ি কী তার ডাক। ভয়ে চিৎকার করি। জামাইয়োক ফোন দিই। দুর্যোগের মধ্যে নৌকা আনি নিয়া যায়। পানি কমি গেইলে শনিবার আসি দেখি বাড়ির কোনো চিহ্নমাত্র নাই। সব ভাসেয়া নিয়া গেইছে।’

জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. মঞ্জুরুল হক বলেন, বন্যায় আড়াই হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হবে। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনিম বলেন, ক্ষতিগ্রস্ত প্রায় তিন হাজার পরিবারকে ত্রাণসহায়তা দেওয়ার হবে। এ ছাড়া নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য ঢেউটিন বরাদ্দ চাওয়া হয়েছে।