মশার কয়েল থেকে বিছানায় আগুন, ঘুমন্ত শিক্ষক দম্পতি দগ্ধ
চট্টগ্রামের রাউজানে মশার কয়েল থেকে বিছানার চাদরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষক দম্পতি দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকারদিঘি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
ওই শিক্ষক দম্পতি হলেন নোয়াপাড়া মুসলিম উচ্চবিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন (৩৫) ও তাঁর স্ত্রী সায়মা (২৫)। সায়মা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই দম্পতির শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতে ওই দম্পতি নিজেদের শোবার ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। রাত চারটার দিকে হঠাৎ মশার কয়েলের আগুন বিছানার চাদরে লেগে ছড়িয়ে পড়লে তাঁরা দুজন দগ্ধ হন। এ সময়র তাঁদের চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জসিমের চাচাতো ভাই মুহাম্মদ সাকিব প্রথম আলোকে বলেন, তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে গেছে।