মশারি টানিয়ে মিছিল করে মশকনিধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশা নিধনে দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে প্রতিবাদ শোভাযাত্রা। বুধবার সকালে
প্রথম আলো

একটি মশারি টানিয়ে চার কোনায় চারজন সেটি ধরে হাঁটছেন। পেছনে একইভাবে ছিলেন আরও চারজন। অভিনব এ মশারিমিছিলের আগে-পরে ছিলেন আরও জনা বিশেক মানুষ। নগরে মশার উপদ্রব বেড়ে যাওয়ার প্রতিবাদে তাঁরা এভাবে ব্যতিক্রমী শোভাযাত্রা করেছেন।

আজ বুধবার বেলা ১১টায় এ শোভাযাত্রার আয়োজন করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা। নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ শোভাযাত্রা শুরু হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনটির পক্ষ থেকে মশকনিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক।

মশকনিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি দেওয়ার সময় যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা মো. রজব আলী দেওয়ান, যুব সংগঠক মাসুম মিয়াজী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রকি দেব, সংগঠক মো. আশরাফ উদ্দিন, মো. হাবিবুর রহমান, বিজিত চন্দ, মো. আজিজুর রহমান, মুসলেহ উদ্দিন চৌধুরী, মো. বাহাউদ্দীন বাহার, গোলাম কিবরিয়া, মো. রমজান আহমদ, আরিফুর রহমান, মো. জমসের উদ্দীন, মো. শফিকুল ইসলাম, জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, নগরের বাসিন্দারা মশার যন্ত্রণায় অতিষ্ঠ। দিনে ও রাতে সমানতালে মশা কামড়াচ্ছে। অথচ এ বিষয়ে সিটি করপোরেশনের উদাসীনতা নগরবাসীকে হতবাক করেছে। মশকনিধনে বর্ষার শেষের দিকেই কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন ছিল। কিন্তু শীত শেষে বসন্ত এলেও সে ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। মশকনিধনের জন্য নগরবাসী কয়েল, স্প্রেসহ স্বাস্থ্য পরিপন্থী বিভিন্ন ওষুধ ব্যবহার করেন। এসব জিনিস বিভিন্ন রোগব্যাধির কারণ হয়ে দাঁড়াচ্ছে। মশাবাহিত নানা রোগেও নগরবাসী আক্রান্ত হচ্ছেন। তাই নগরে মশকনিধনে মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।