মসজিদ কমিটি নিয়ে বিরোধে সংঘর্ষে একজন নিহত, আহত ২
রাজশাহীর চারঘাটে একটি মসজিদের কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোতকার্তিক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম খোকন আলী (৩৫)। তিনি জোতকার্তিক গ্রামের মোজাহার আলীর ছেলে। সংঘর্ষে মোজাহার আলী ও একই গ্রামের সিরাজুল ইসলাম (৪৫) আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, চারঘাট উপজেলার জোতকার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদের কমিটি নিয়ে স্থানীয় কামরুজ্জামান ওরফে মুকুল ও মুক্তার আলীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কামরুজ্জামান কমিটির সভাপতি হওয়ার পর থেকে তাঁর ইচ্ছামতো সবকিছু করেন। এ ক্ষোভে কমিটির সাধারণ সম্পাদকসহ অনেকেই পদত্যাগ করেছেন। কিন্তু কামরুজ্জামান কিছুতেই সভাপতির পদ ছাড়েননি।
এ ক্ষোভে মুক্তার আলীর পক্ষ মসজিদ থেকে বের হয়ে একটি আমবাগানের মধ্যে নামাজ পড়া শুরু করে। শুক্রবার সন্ধ্যায় এসব নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে কামরুজ্জামান ও মুক্তার আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মুক্তার আলীর ভাইয়ের ছেলে খোকন আলীকে কামরুজ্জামানের পক্ষের লোকজন কুপিয়ে জখম করেন। তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরুজ্জামানের পক্ষের সিরাজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিও আহত হয়েছেন।
কামরুজ্জামানের মুঠোফোন নম্বর না পাওয়ায় প্রতিপক্ষের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাত সাড়ে নয়টার দিকে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কামরুজ্জামানের নেতৃত্বাধীন কমিটিকে যাঁরা মানেন না, তাঁরা আলাদা করে নামাজ পড়েন। এসব নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, খোকন আলীর লাশ চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।