মসজিদ চত্বরে আমগাছে ঝুলছিল যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

মসজিদে ফজরের নামাজ পড়তে এসেছিলেন কয়েক মুসল্লি। অজু করতে গিয়ে মসজিদ চত্বরে থাকা আমগাছে দেখেন, এক যুবকের লাশ ঝুলছে। রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের লাউপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম গোলাম হোসেন (৩২)। তিনি লাউপাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।

পরিবারের সদস্যরা বলেন, গোলাম হোসেন গতকাল বুধবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন। স্ত্রী-সন্তান ঘুমিয়ে গেলে রাতের কোনো এক সময়ে তিনি বাড়ি থেকে বের হন। পরে বাড়ির পাশে একটি মসজিদের ভেতরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভোরে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে গিয়ে একজনের লাশ ঝুলতে দেখেন। এ সময় স্থানীয় লোকজন গিয়ে দেখেন, সেটা গোলামের লাশ।

গোলামের স্বজনেরা বলেন, গোলাম কয়েক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর চিকিৎসাও করা হয়। স্ত্রী সুফিয়া বেগম বলেন, মানসিক সমস্যার কারণে তাঁর স্বামী আত্মহত্যা করেছেন।

থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।