মসজিদ মিশনকে ‘জামায়াতমুক্ত’ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা
রাজশাহীর মসজিদ মিশন একাডেমিকে ‘জামায়াতমুক্ত’ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা। মঙ্গলবার বিকেলে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। রাজশাহীর সম্মিলিত সাংস্কৃতিক জোট এই মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচি থেকে ২৯ আগস্ট একই কর্মসূচি পালনের ঘোষণাও আসে।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবদুল মান্নান, সাবেক জেলা কমান্ডার মতিউর রহমান, সেক্টর কমান্ডার ফোরামের সদস্য হাসান খন্দকার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগরের নির্বাহী সভাপতি সুজিত সরকার, মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক আবদুল লতিফ, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি এফ এম এ জাহিদ, মহিলা পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সরৈক কুমার, গণমৈত্রী সংগঠনের সদস্য মনিরুদ্দিন পান্না, রাজশাহী খেলাঘরের সভাপতি আফতাব উদ্দিন কাজল, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সদস্য নিতাই কুমার, ছাত্রনেতা তামিম সিরাজ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, রাজশাহী মহানগরের প্রাণকেন্দ্রে মসজিদ মিশন একাডেমিকে মুক্তিযুদ্ধের স্বাধীনতাবিরোধী জামায়াতের নেতারা তাঁদের ঘাঁটিতে পরিণত করেছেন। সরকারের বেতন নিয়ে জামায়াত নেতারা এখানে বসেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করেন।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রাজশাহী মহানগরের প্রাণকেন্দ্রে মসজিদ মিশন একাডেমিকে মুক্তিযুদ্ধের স্বাধীনতাবিরোধী জামায়াতের নেতারা তাঁদের ঘাঁটিতে পরিণত করেছেন। সরকারের বেতন নিয়ে জামায়াত নেতারা এখানে বসেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করেন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় এটা মেনে নেওয়া যায় না। বক্তারা বলেন, মসজিদ মিশন একাডেমিতে কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা দেওয়া হয় না। তাদের সাম্প্রদায়িক করে গড়ে তোলা হয়। এই স্কুলে জঙ্গিবাদকে উদ্বুদ্ধ করা হয়। তাই তাঁরা প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রের অধীনে নিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান। পাশাপাশি বর্তমান শিক্ষকদের অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, মসজিদ নামটি ব্যবহার করে জামায়াতের নেতারা প্রতিষ্ঠানটিকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। এখানে সব ধর্মের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে হবে। এর আগে ২২ আগস্ট মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও মহানগর ইউনিট মানববন্ধন করে একই দাবি তোলে।