মসজিদে যাওয়া হলো না আইনজীবী মজিবুর রহমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজিবুর রহমান
ছবি: সংগৃহীত

নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়া আর হলো না আইনজীবী মজিবুর রহমানের (৬০)। শুক্রবার সন্ধা সাতটায় নাটোর শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে (হাজরা নাটোর) মোটরসাইকেলের ধাক্কায় নাটোর আইনজীবী সমিতির এই জ্যেষ্ঠ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি নাটোরের লালপুর উপজেলার রায়াপুর গ্রামের মরহুম বেদার উদ্দিনের ছেলে।

সদর থানা সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটায় আইনজীবী মজিবুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ের সামনের নিজ বাসা থেকে মোটরসাইকেলে করে কোর্ট মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন। বাসার সামনে নাটোর-বগুড়া মহাসড়কে ওঠামাত্র বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেল তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

পরিবারের লোকজন তাঁকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় পথে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মৃতদেহ আবার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে রাত আটটার দিকে তাঁর মৃতদেহ শহরের বাসায় নিয়ে যাওয়া হয়।

নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার আইনজীবী মজিবুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মজিবুর রহমান মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে কোর্ট মসজিদে যাচ্ছিলেন। তাঁর আর নামাজ আদায় করা হয়নি। তাঁর মৃত্যুতে আইনজীবীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।