‘মহব্বতের বার্তা’ নিয়ে অচেনা পাখির আগমন, উৎসুক মানুষের ভিড়
‘মহব্বতের বার্তা’ নিয়ে লেখা চিঠি নিয়ে এক অচেনা পাখি হাজির হয়েছে এক কৃষকের বাড়িতে। আজ সোমবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষক সন্তোষ প্রামাণিকের বাড়িতে উড়ে আসে ওই পাখি। পাখিটিকে দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় করেছে ওই বাড়িতে।
সন্তোশ প্রামাণিক জানান, দুপুরে একটা অচেনা পাখি তাঁর ঘরের চালায় এসে বসে। এ সময় তাঁর স্ত্রী মানিকজান বেগম (৫২) খাবার ছিটিয়ে দিলে পাখিটি উঠানে এসে বসে। একপর্যায়ে তাঁর স্ত্রী পাখিটিকে আটক করেন। পাখিটি দেখতে অনেকটা কবুতরের মতো। তবে কারও কাছে ঘুঘুর মতো মনে হয়েছে। সাদা পালকের সামনে কিছুটা কালো রঙের পালকও আছে।
আটক করার পর পাখিটির ঠোঁটে একটি চিঠি পাওয়া যায়। কাগজে–কলমে লেখা ওই চিঠির ওপরের অংশে আরবি লেখা এবং ডান পাশে ‘মহব্বতের বার্তা’ লেখা রয়েছে।
আটক করার পর পাখিটির ঠোঁটে একটি চিঠি পাওয়া যায়। কাগজে–কলমে লেখা ওই চিঠির ওপরের অংশে আরবি লেখা এবং নিচের অংশে নুসরাত জাহান, পারুল খাতুন, রিয়াজুল হোসেন ও আবদুল আজিজ লেখা রয়েছে। এর ডান পাশে ‘মহব্বতের বার্তা’ লেখা রয়েছে। আরবি লেখাটি কেউ পড়তে বা তার অর্থ বলতে পারছে না। কৃষকের স্ত্রী মানিকজান বেগম জানান, এ ধরনের পাখি এর আগে তিনি কখনো দেখেননি। পাখিটি খুব শান্তশিষ্ট। মুখে চিঠি বহনের ঘটনাটি তাঁরা বুঝে উঠতে পারছেন না। চিঠির ওই নামে কেউ তাঁর বাড়িতে বসবাস করে না বলে তিনি জানান।
এদিকে অচেনা ওই পাখি ও পাখির বহন করা চিঠিটি দেখতে আশপাশের শত শত মানুষ কৃষক সন্তোষ প্রামাণিকের বাড়িতে আসতে শুরু করেছে। সব বয়সের মানুষই সেখান ভিড় করছে। সর্বশেষ বিকেল সোয়া তিনটা পর্যন্ত পাওয়া খবর, তখনো পাখিটি ওই কৃষকের বাড়িতে অবস্থান করছিল।