‘মহব্বতের বার্তা’ নিয়ে আসা পাখিটি আবার উড়াল দিল আকাশে
‘মহব্বতের বার্তা’ নিয়ে আসা সেই পাখিকে এক দিন আটকে রাখার পর মঙ্গলবার দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই পাখি যে চিঠি বহন করছিল, সেটি কে বা কারা পাঠিয়েছে, তা জানা যায়নি। চিঠিটি সংরক্ষণ করছেন বাড়ির মালিক সন্তোষ প্রামাণিক।
‘মহব্বতের বার্তা’ নিয়ে লেখা চিঠি নিয়ে সোমবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষক সন্তোষ প্রামাণিকের বাড়িতে আসে একটি পাখি। পরে বাড়ির মালিকের স্ত্রী কৌশলে পাখিটি আটক করে। আটকের পর পাখির ঠোঁট থেকে আরবি ও বাংলায় লেখা একটি চিঠি উদ্ধার করা হয়। চিঠি ও পাখিটি দেখার জন্য ওই কৃষকের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে।
প্রথম আলোর অনলাইন সংস্করণে ওই দিনই পাখিটিকে নিয়ে ‘“মহব্বতের বার্তা” নিয়ে অচেনা পাখির আগমন, উৎসুক জনতার ভিড়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো.ফজলে রাব্বী জানান, খবর পেয়ে তিনি মঙ্গলবার দুপুরে তেঘরিয়ার কৃষক সন্তোষ প্রামাণিকের বাড়িতে গিয়ে পাখিটি পর্যবেক্ষণ করে নিশ্চিত হন, এটি একটি কণ্ঠী ঘুঘু। বাড়ির মালিককে বোঝানোর পর ঘুঘুটিকে খাঁচা থেকে মুক্ত করে আকাশে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পাখিটির বহন করা আরবি-বাংলায় লেখা চিঠিটি বাড়ির মালিক স্মৃতি হিসেবে সংরক্ষণের জন্য রেখে দিয়েছেন।
পাখিটির ওই বাড়িতে আগমনের কারণ সম্পর্কে জানতে চাইলে এই পরিবেশকর্মী ফজলে রাব্বী বলেন, আগমনের সঠিক কোনো কারণ জানা সম্ভব হয়নি। তবে ওই এলাকা দিয়ে যাওয়ার পথে খাবারের সন্ধানে পাখিটি কৃষক সন্তোষের বাড়িতে নেমে থাকতে পারে। চিঠি প্রসঙ্গে ফজলে রাব্বী বলেন,কোনো তরুণ-তরুণী কৌতূহলবশত হয়তো চিঠিটি লিখে পাখিটির কাছে দিয়েছিল। সে সেটা বহন করছিল। আবার অন্য কোনো কারণও থাকতে পারে।
বাড়ির মালিক সন্তোষ প্রামাণিক জানান,সোমবর দুপুরে বাড়িতে আসার পর থেকে শত শত মানুষ পাখিটি দেখার জন্য ভিড় করে। তিনি পাখিটিকে এক দিন আটকে রাখলেও কোনো অযত্ন করেননি। নিয়মিত খেতে দিয়েছেন। পরিবেশকর্মীদের অনুরোধে তিনি পাখিটি ছেড়ে দিয়েছেন। তবে স্মৃতি হিসেবে চিঠিটি রেখে দিয়েছেন।