মহাদেবপুরে হাটবাজারের রাস্তাঘাট খানাখন্দে ভরা

নওগাঁর মহাদেবপুর উপজেলার অধিকাংশ হাটবাজারের রাস্তাঘাট বেহাল। দীর্ঘদিন সংস্কার না করায় এগুলোয় খানাখন্দ সৃষ্টি হয়েছে, বর্ষা মৌসুমে কাদাপানিতে একাকার হয়ে থাকে। এতে ব্যবসায়ী ও ক্রেতারা পণ্যসামগ্রী আনা-নেওয়া করতে ভোগান্তিতে পড়ছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, ইজারা নীতিমালায় হাটবাজারের উন্নয়নের জন্য বার্ষিক আয়ের ১৫ শতাংশ ব্যয় করার বিধান থাকলেও স্থানীয় প্রশাসন এসব হাটবাজারের অভ্যন্তরীণ রাস্তাঘাটগুলো সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলায় ছোট-বড় ১০টি হাটবাজার ইজারা দেওয়া হয়েছে, যা থেকে গত অর্থবছরে সাড়ে তিন কোটি টাকা রাজস্ব অর্জিত হয়েছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষিপণ্য ও পশুর হাটের জন্য সুপরিচিত উপজেলার মহাদেবপুর, মাতাজী, ছায়তনতলী ও মহিষবাথান হাটবাজার। প্রতিদিন স্থায়ী বাজার ছাড়াও এসব জায়গায় সপ্তাহে দুদিন হাট বসে। এসব হাটবাজারের অভ্যন্তরে ছয় থেকে ১০টি করে পাকা রাস্তা রয়েছে। দীর্ঘ দিন সংস্কার না করায় এসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া প্রতিদিন বাজার ও সপ্তাহে একদিন হাট বসে পাঁঠাকাটা, শিবগঞ্জ, বাগডোব, নওহাঁটা, মালাহার ও খাজুরে। এসব হাটবাজারেও চার থেকে ১০টি করে কাঁচা রাস্তা রয়েছে। সেগুলোর অবস্থা আরও করুণ। বর্ষা মৌসুমে এসব রাস্তায় পানি জমে কাঁদার সৃষ্টি হওয়ায় ব্যবসায়ী-ক্রেতাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের মহাদেবপুর হাটবাজারের রাস্তাঘাট খানাখন্দে ভরে গেছে। মহাদেবপুরের শিবগঞ্জ মোড় থেকে তহবাজারের রাস্তা, কাঁচাবাজার এলাকা থেকে পশুর হাট এবং গোস্তহাটির মোড় থেকে থানা মোড়ের রাস্তার ইট-খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে।
মহাদেবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার মণ্ডল বলেন, এ বছর মহাদেবপুর হাটবাজার ৭৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। ইজারা নীতিমালা অনুযায়ী বার্ষিক আয়ের ১৫ শতাংশ হাটবাজারের উন্নয়নমূলক কাজে ব্যয় করার কথা। অথচ গত এক বছরে মহাদেবপুরের হাটবাজারে কোনো উন্নয়নমূলক কাজই হয়নি।
উপজেলার হাতুর ইউনিয়নে ছায়তনতলী বাজারে গিয়ে দেখা যায়, বাজারটির অধিকাংশ রাস্তাঘাটে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বাজারটির মাঝ দিয়ে চলে যাওয়া মহাদেবপুর-পোরশা সড়কের প্রায় ১০০ মিটার অংশে বড় বড় গর্ত। এগুলোয় বৃষ্টির পানি জমে আছে। তহবাজার থেকে ধানের আড়ত বাজার রাস্তাসহ কাঁচাবাজার ও তহবাজারের অধিকাংশ ইট বিছানো রাস্তার গর্তে বৃষ্টির পানি জমে কাদার সৃষ্টি হয়েছে।
রাইগা ইউনিয়নে মাতাজী বাজারের প্রধান সড়ক ছাড়াও অভ্যন্তরীণ অধিকাংশ রাস্তায়ও অনেক খানাখন্দ। রাইগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন, ‘পরিষদ হাটের ইজারার মাত্র ৫ শতাংশ টাকা পায়। উন্নয়ন বরাদ্দ না থাকায় বাজারের রাস্তাঘাটগুলো সংস্কার করা যাচ্ছে না। প্রশাসনের সহযোগিতা ছাড়া আমি একা কী করব?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুননেছা বলেন, উপজেলার মহাদেবপুর, ছায়তনতলী ও মাতাজী হাটের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের জন্য প্রকল্পপ্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ধারাবাহিকভাবে সব হাটবাজারের রাস্তাঘাট সংস্কার করা হবে।