বরিশাল মহানগরের দুই প্রান্তে প্রবেশমুখে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে সিটি গেট নির্মাণের কাজ আড়াই বছরেও শেষ হয়নি। অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা গেটের নির্মাণসামগ্রী পড়ে ঘটছে দুর্ঘটনা। দুটি গেটের একটির মাত্র ৩৩ ভাগ এবং অন্যটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে বলে দাবি সিটি করপোরেশনের।
বরিশাল মহানগরের গড়িয়ারপাড় এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ওই গেট দুটির নির্মাণকাজ শুরু হয় ২০১৫ সালের ১১ জুন। ২০১৬ সালের মার্চ মাসে কাজ শেষ করার কথা থাকলেও প্রায় দেড় বছর একই অবস্থায় পড়ে আছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের গড়িয়ারপাড় এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের দুই পাশে কেবল দুটি থাম (পিলার) স্থাপন করেই কাজ শেষ করে দিয়েছেন ঠিকাদার। নির্মাণকাজ করতে গিয়ে সড়কের দুই পাশের বেশ কিছু গাছও কাটা হয়। কিন্তু কাজ আর এগোয়নি। অন্যদিকে নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে নির্মিতব্য সিটি গেট নির্মাণ করতে গিয়ে সড়কের ওপর কাঠ-বাঁশ স্থাপন করে বরিশাল-কুয়াকাটা-ভোলা মহাসড়কের অর্ধেক অংশ আটকে দেওয়া হয়েছে। ছয় মাসের বেশি সময় সড়কের ওই অংশ বন্ধ রয়েছে। যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। একাধিকবার গেট নির্মাণে ব্যবহার করা নির্মাণসামগ্রী, কাঠ পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন কেউ কেউ।
বরিশাল সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, ২০১৫ সালের ১১ জুন নগরের গড়িয়ারপাড় এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় দুটি সিটি গেট নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। গড়িয়ারপাড় এলাকার জন্য ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয় ধরে নির্মাতাপ্রতিষ্ঠান মিতুসী ট্রেডার্সকে কাজ দেওয়া হয়। ২০১৬ সালের মার্চ মাসে কাজ শেষ করার কথা ছিল। তারা কাজ শুরুও করে। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। ওই গেটের কাজের মাত্র ৩৩ ভাগ সম্পন্ন হয়েছে।
অন্যদিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে গেট নির্মাণের জন্য ২ কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৩২৬ টাকা বরাদ্দ করা হয়। একই সময়ের কার্যাদেশ হলেও কাজ শুরু করতে দেরি হয়। তবে এই গেট নির্মাণের ৮০ ভাগ শেষ হয়েছে। ছয় মাসের বেশি নির্মাণসামগ্রী সড়কের ওপর থাকায় সেখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। দ্রুত নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল।
নির্মাণকাজের দায়িত্বে থাকা করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. মামুন অর রশীদ প্রথম আলোকে বলেন, দুটি গেট নির্মাণের জন্য যে পরিমাণ বরাদ্দ দরকার, তা পাওয়া যায়নি। বরাদ্দ না পাওয়ার কারণেই কাজ বন্ধ আছে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, একদিকে অর্থ বরাদ্দ না থাকা, মহাসড়কের গাছ কাটা এবং সড়ক প্রশস্তকরণকাজের জন্য গড়িয়ারপাড় এলাকার কাজ বন্ধ আছে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু এলাকার গেটের নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।