মহানবীকে কটূক্তির অভিযোগে ব্রা‏হ্মণপাড়ায় দুই তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে এ ঘটনায় একটি মামলার পর তাঁদের গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ।

গ্রেপ্তার দুই তরুণের নাম আরিফুর রহমান (৩০) ও রাকিবুল ইসলাম (২১)। তাঁরা দুজনেই উপজেলার সিদলাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজ সোমবার সকালে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর পর আদালত তাঁদের দুজনকে জেলহাজতে পাঠিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার আরিফুর রহমান ও রাকিবুল ইসলাম তাঁদের ফেসবুক প্রোফাইলে একই লেখাবিশিষ্ট দুটি পোস্ট দেন। পোস্টগুলোতে হজরত মুহাম্মদ (স.)-কে কটূক্তি করা হয়েছে অভিযোগ এনে সিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম গতকাল রোববার রাতে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। এরপর তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

ব্রা‏হ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা প্রথম আলোকে বলেন, দুই তরুণকে গ্রেপ্তারের পর আজ সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এরপর আদালত তাঁদের জেলহাজতে পাঠান।

ব্রা‏হ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার বিষয়টি নিয়ে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীরভাবে মর্মাহত।’ যেহেতু বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই প্রত্যেককে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।