মহাসড়ক এখন চলাচলের উপযোগী: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সড়ক-মহাসড়ক এখন যান চলাচলের উপযোগী। তবে ঈদের পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা, উপজেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকায় এক দিন আগে মেরামত করা রাস্তায় বৃষ্টিতে ফের খানাখন্দের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ওই সড়ক পরিদর্শন করতে এসে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘দেশে বর্ষাকাল ও মহাসড়কে ওভারলোড একসাথে চলে। ফলে রাস্তা লোড সামলাতে না পেরে নষ্ট হয়ে যায়। এ জন্য আগামী অর্থবছর থেকে দেশের সকল রাস্তা কংক্রিটে নির্মাণ করা হবে।’ তিনি বলেন, গত কয়েকটি ঈদের তুলনায় এবার মানুষ স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরতে পারবে।
তবে মন্ত্রীর পরিদর্শনের আগে আজও কোনাবাড়ির ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তড়িঘড়ি ও জোড়াতালি দিয়ে সংস্কারকাজ চালাতে দেখা গেছে। রাস্তার কোথাও কোথাও পানি সেচে ইট বালি খোয়া ফেলে সড়ক সংস্কার করতে দেখা গেছে।
এলাকাবাসী এবং সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে কালিয়াকৈর পর্যন্ত মেরামতের কাজ দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএমকে লিমিটেডের লোকজন দুই দিন ধরে কোনাবাড়ি ও আশপাশের এলাকায় দায়সারা জোড়াতালি দিয়ে কোনো রকমে মেরামতের কাজ শেষ করেন। রাস্তায় ধুলা সরিয়ে নামে মাত্র পিচ দিয়ে গর্তগুলি ভরে দেওয়া হয়েছে। সেগুলি গাড়ির চাপে এক দিনেই উঠে গিয়ে ফের খানাখন্দের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার রাতের বৃষ্টিতে সড়কের অবস্থা আরও খারাপ হয়। মহাসড়কে জমে আছে পানি। আজ মঙ্গলবার যোগাযোগমন্ত্রী আসার খবরে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পানি সরানো চেষ্টা করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার লিয়াকত আলী জানান, ‘মেরামতের কাজ কোনো রকমেই করা হয়। এক দিনে কেন, এক ঘণ্টা পরও উঠে গেলে আমাদের কিছু করার নেই। আমাদের যেভাবে বলা হয়েছে, সেই ভাবেই কাজ করা হচ্ছে।’

গাজীপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিংহ জানান, বৃষ্টির কারণে সড়কে পানি জমে গেছে। তবে ওই প্রতিষ্ঠান কাজে গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।