মহাসড়ক এখন যান চলাচলের উপযোগী: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকা পরিদর্শন করেন। তঁার যাওয়ার আধা ঘণ্টা আগে কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পানি সরানোর কাজ করছিলেন সংস্কারকাজের ঠিকাদারের লোকজন l ছবি: প্রথম আলো
যোগাযোগমন্ত্রী গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকা পরিদর্শন করেন। তঁার যাওয়ার আধা ঘণ্টা আগে কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পানি সরানোর কাজ করছিলেন সংস্কারকাজের ঠিকাদারের লোকজন l ছবি: প্রথম আলো

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সড়ক-মহাসড়ক এখন যান চলাচলের উপযোগী। তবে ঈদের পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা, উপজেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকা পরিদর্শনের সময় মন্ত্রী কথা বলেন। এক দিন আগে ওই এলাকায় দায়সারা সড়ক মেরামত করা হয়। সেই জোড়াতালি উঠে গিয়ে আবারও খানাখন্দের সৃষ্টি হয়। মহাসড়কে জমে বৃষ্টির পানি। এর মধ্যে যোগাযোগমন্ত্রী এলাকাটি পরিদর্শন করে এসব কথা বলেন।
এ সময় যোগাযোগমন্ত্রী আরও বলেন, দেশে বর্ষাকাল ও মহাসড়কে অতিরিক্ত চাপ (ওভারলোড) একসঙ্গে চলে। ফলে চাপ সামলাতে না পেরে রাস্তা নষ্ট হয়ে যায়। এ জন্য আগামী অর্থবছর থেকে দেশের সব রাস্তা কংক্রিটে নির্মাণ করা হবে। গত কয়েকটি ঈদের তুলনায় এবার মানুষ স্বচ্ছন্দে ঘরে ফিরতে পারবে।
তবে মন্ত্রীর পরিদর্শনের আগে গতকালও কোনাবাড়ীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তড়িঘড়ি ও জোড়াতালি দিয়ে সংস্কারকাজ চালাতে দেখা গেছে। রাস্তার কোথাও কোথাও পানি সেচে ইট-বালু-খোয়া ফেলে রাস্তা সংস্কার করা হয়।
এলাকাবাসী এবং সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলা চান্দনা চৌরাস্তা এলাকা থেকে কালিয়াকৈর পর্যন্ত মেরামতের কাজ দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএমকে লিমিটেডকে। প্রতিষ্ঠানটির লোকজন দুই দিন ধরে কোনাবাড়ী ও আশপাশের এলাকায় দায়সারা জোড়াতালি দিয়ে কোনোরকমে মেরামতের কাজ শেষ করেন। রাস্তায় ধুলা সরিয়ে গর্ত ভরাট করে পিচ ঢালা হয়। কিন্তু গাড়ির চাপে তা এক দিনেই উঠে গিয়ে আবারও খানাখন্দের সৃষ্টি হয়। গত সোমবার রাতের বৃষ্টিতে আরও খারাপ অবস্থার সৃষ্টি হয়। মহাসড়কের খানাখন্দে পানি জমে। গতকাল যোগাযোগমন্ত্রী আসার খবরে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পানি সরানোর চেষ্টা করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির সুপারভাইজার লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘মেরামতের কাজ কোনো রকমই করা হয়। এক দিনে কেন এক ঘণ্টা পরও উঠে গেলে আমাদের কিছু করার নেই। আমাদের যেভাবে বলা হয়েছে, সেভাবেই কাজ করা হচ্ছে।’
গাজীপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিংহ বলেন, বৃষ্টির কারণে সড়কে পানি জমে গেছে। তবে ওই প্রতিষ্ঠান কাজে গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।