মহাসড়ক দখল করে শিশুপার্ক

শিশুপার্কের কাজ শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। নেওয়া হয়নি সওজের অনুমোদন। নগরবাসীর ক্ষোভ।

বরিশাল-ঢাকা মহাসড়কের একটি লেনের বিভাজক ভেঙে তৈরি করা হচ্ছে শিশুপার্ক। সম্প্রতি বরিশাল নগরের চৌমাথা এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কটি ঢাকা-কুয়াকাটা জাতীয় মহাসড়কের অংশ। এই মহাসড়কের একটি বাইলেন (পার্শ্ব সড়ক) দখল করে শিশুপার্ক নির্মাণ শুরু করছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সড়কের এই অংশ সড়ক ও জনপথের (সওজ) আওতায় থাকলেও সংস্থাটির অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ব্যস্ততম মহাসড়কের পাশে শিশুপার্ক নির্মাণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন নগরবাসী।

সওজের আওতাধীন ঢাকা-কুয়াকাটা জাতীয় মহাসড়কটির প্রায় ১১ কিলোমিটার অংশ বরিশাল নগরের মধ্য দিয়ে গেছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের জাতীয় এই মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এই প্রকল্পের আওতায় নগরীর এই অংশও রয়েছে বলে সওজ সূত্রে জানা গেছে।

স্থানীয় ব্যক্তিরা বলছেন, পার্কটি নির্মিত হলে মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। অন্যথায় পার্কের স্থাপনা ভাঙতে হবে। পাশাপাশি ওই স্থানে পার্কটি নির্মাণ হলে বন্ধ হয়ে যাবে কমপক্ষে ৫০টি পরিবারের যাতায়াতের সহজ পথ। অপর দিকে পার্কে যাতায়াতে শিশুরাও ঝুঁকিতে পড়বে।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন বলেন, শিশুপার্ক নির্মাণে সওজের সঙ্গে সিটি করপোরেশনের আলোচনা হয়েছে। সওজের কর্মকর্তারা এসে দেখে গেছেন। সেখানে শিশুপার্ক করলে ঝুঁকিপূর্ণ হবে না।

পদ্মা সেতু উন্মুক্ত হলে এ মহাসড়কে যানবাহন চলাচল তিন গুণ বেড়ে যাবে। দুই পাশে সড়ক রেখে মাঝে শিশুপার্ক নির্মাণ, এটা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে।
রফিকুল আলম বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী

তবে সওজ বরিশাল কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ফিরোজ আলম খান বলেন, মহাসড়কের পাশে যেকোনো স্থাপনা করতে হলে মহাসড়কের সীমানা থেকে কমপক্ষে পাঁচ ফুট দূরত্বে করার নিয়ম রয়েছে। কিন্তু পার্কটি করা হচ্ছে মহাসড়কের মধ্যে। তিনি বলেন, সিঅ্যান্ডবি রোডে মহাসড়ক ও বাইলেনের মধ্যভাগের সড়ক বিভাজক ভাঙা হয়েছে। শুনেছেন সিটি করপোরেশন সেখানে শিশুপার্ক নির্মাণ করবে। তবে এ ব্যাপারে সওজকে জানানো হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন।

স্থানীয় সূত্র বলছে, সওজের বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে দুই কিলোমিটার দূরত্বে ৬ জানুয়ারি থেকে শিশুপার্কটির নির্মাণকাজ শুরু করে সিটি করপোরেশন। তবে এই পার্ক নির্মাণে কী পরিমাণ অর্থ ব্যয় বরাদ্দ রয়েছে, তা জানা যায়নি।

সরেজমিন দেখা যায়, সিঅ্যান্ডবি সড়কের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের লেকের উত্তর পাড় থেকে কাজীপাড়া সড়কের মুখ পর্যন্ত মূল মহাসড়ক ও বাইলেনের মধ্যের সড়ক বিভাজক ভেঙে ফেলা হয়েছে। মহাসড়কের বাইলেন অংশে শিশুপার্কের একটি অংশ পড়বে। এ জন্য পাশের ড্রেন ভাঙার কাজও চলছে।

স্থানীয় ঘোষবাড়ি এলাকার বাসিন্দা কৃষি কর্মকর্তা আবুল বাশার বলেন, তাঁদের আবাসিক এলাকায় ১০টির অধিক বহুতল ভবন আছে। এতে অর্ধশতাধিক পরিবার বসবাস করে। বাড়ি থেকে তাঁদের দুই-তিন মিনিটে সিঅ্যান্ডবি রোড যাওয়ার সড়কটি আটকে দিয়ে শিশুপার্ক করা হচ্ছে। এখন সিঅ্যান্ডবি রোডে যেতে তাঁদের প্রায় আধা কিলোমিটার পথ ঘুরতে হবে।

স্থানীয় আরেক বাসিন্দা মোতাহার সিকদার অভিযোগ করেন, মহাসড়ক লাগোয়া দেড় শতাংশ জমি নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে তাঁর আদালতে মামলা চলমান। জমির ওপর নিষেধাজ্ঞাও রয়েছে। ওই বিরোধীয় জমিও নির্মিতব্য শিশুপার্কের সঙ্গে একীভূত করা হয়েছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন ২০১২ সালে কাশীপুর সুরভী পাম্পের সামনে থেকে আমতলার মোড় পর্যন্ত মহাসড়কের দুই পাশে সড়ক করেন। রিকশাসহ ছোট যানবাহনের নিরাপদ চলাচলের জন্য এটি করা হয়। এ নিয়ে সওজের সঙ্গে সিটি করপোরেশনের নীরব মনোমালিন্যও চলছিল।

এ জন্য নির্মাণের পর আর লেনটি সংস্কার করেনি সিটি করপোরেশন, সওজও দায়িত্ব নেয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে ভাঙাচোরা এই পার্শ্ব সড়ক দিয়েই চলাচল করে তিন চাকার যানবাহন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম বলেন, পদ্মা সেতু উন্মুক্ত হলে এ মহাসড়কে যানবাহন চলাচল তিন গুণ বেড়ে যাবে। দুই পাশে সড়ক রেখে মাঝে শিশুপার্ক নির্মাণ, এটা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে।

তবে সিটি করপোরেশনের স্থাপত্য বিভাগের প্রকৌশলী হাসিবুর রহমান বলেন, নিরাপত্তার বিষয়টি সর্বাধিক বিবেচনায় নিয়েই পার্কটির নকশা প্রণয়ন করা হয়েছে। পার্কটির পশ্চিম পাশ দিয়ে ২০ ফুট প্রশস্ত আরেকটি নতুন সড়ক নির্মাণ করা হবে।